চন্দ্রগঞ্জে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ গ্রেফতার
উত্তরদক্ষিণ। সোমবার (২০ জুলাই) ২০২৬, আপডেট ১৪:৪৫
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী এলাকায় এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে একটি হিফজ মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেফতার করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ।
রবিবার (১৯ জুলাই) রাতে উপজেলার দিঘলী রাস্তার মাথায় অবস্থিত পপুলার আইডিয়াল হিফজ মাদ্রাসা থেকে অভিযুক্ত অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল আহাদকে (৪৫) আটক করা হয়।
পুলিশ ও ভুক্তভোগী পরিবারের অভিযোগ অনুযায়ী, শনিবার (১৮ জুলাই) রাত আনুমানিক ৮টা-৯টার দিকে মাদ্রাসার হিফজ বিভাগের ১২ বছর বয়সী এক শিক্ষার্থীকে অধ্যক্ষ তার কক্ষে ডেকে নেন। সেখানে তাকে বলাৎকার করা হয় বলে অভিযোগ করা হয়েছে। পরদিন দুপুরে ওই শিক্ষার্থী মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের ঘটনাটি জানায়।
পরিবারের অভিযোগ, শিশুটি বাড়ি ফিরে কান্নাজড়িত কণ্ঠে তার মাকে জানায় যে, শিক্ষক তার সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছেন। এ খবর ছড়িয়ে পড়লে রবিবার রাতে অভিভাবক ও স্থানীয় লোকজন মাদ্রাসায় গিয়ে অভিযুক্তকে আটক করেন। পরে খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নেয় এবং ভুক্তভোগী শিক্ষার্থীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব বিষয়টি নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, ঘটনার পর থেকে শিশুটি মানসিকভাবে ভেঙে পড়েছে এবং আতঙ্কের কারণে সে আর ওই মাদ্রাসায় পড়তে চায় না। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলমান রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
ইউডি/রেজা

