সাতক্ষীরায় মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার

সাতক্ষীরায় মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার

উত্তরদক্ষিণ। সোমবার (২০ জুলাই) ২০২৬, আপডেট ১৮:৩৬

সাতক্ষীরা সদরের মাগুরা-কৈখালী বিলের একটি মৎস্য ঘের থেকে সুমন (৩৫) নামের এক গাড়িচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

​নিহত সুমন কৈখালী গ্রামের আব্দুল হামিদের ছেলে। পেশায় তিনি একজন গাড়িচালক।

তিনি সাতক্ষীরা সদর উপজেলার ১৩ নং লাবসা ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মনোয়ার হোসেন মোমিনের ব্যক্তিগত গাড়িচালক ছিলেন বলে দাবি করেছে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে ছয়টার দিকে মাগুরা দায়পাড়া গ্রামের কেসমত আলী নিজের মৎস্য ঘেরের টোং ঘরের আলো নেভাতে যান। এ সময় ঘেরের পানির মধ্যে এক যুবকের বিবস্ত্র মরদেহ পড়ে থাকতে দেখে তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ও গ্রামবাসীকে খবর দেন। পরে স্থানীয় লোকজন এসে লাশটি সুমনের বলে শনাক্ত করেন।

​ঘটনাস্থল থেকে লোহা কাটার দুটি ব্লেড, একটি বাটন ফোন, সিগারেটের প্যাকেট ও পল্লী বিদ্যুতের ৩৩ হাজার ভোল্টের কাটা তার উদ্ধার করা হয়েছে।

​নিহতের স্বজনেরা ও স্থানীয় বাসিন্দারা জানান, সুমনের এই মৃত্যু রহস্যজনক। তাদের ধারণা, কোনো সংঘবদ্ধ অপরাধী চক্র পল্লী বিদ্যুতের তার চুরি করার সময় সুমন বিষয়টি দেখে ফেলায় তাকে হত্যা করে ঘেরে ফেলে রেখে গেছে।

প্রত্যক্ষদর্শী শেখ কামরুল ইসলাম জানান, মাগুরা গ্রামের কিসমত আলী ফজরের নামাজ আদায় করে ভোরে শৈলকের বিলে তার ঘেরে যান মাছ ধরতে। তিনি সেখানে গিয়ে দেখেন ঘেরের ভেতরে পানিতে একটি মরদেহ পড়ে আছে। বিষয়টি তিনি সাথে সাথে স্থানীয়দেরকে জানান। পরে সেখান থেকে সদর থানায় পুলিশে খবর দেয়া হয়। খবর পেয়ে সদর থানা পুলিশ সকাল ৯টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাঃ মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পেছনে মূল কারণ কী এবং কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানান তিনি।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading