মালাইকা অতীত, অর্জুন কাপুরের নতুন প্রেমের গুঞ্জন

মালাইকা অতীত, অর্জুন কাপুরের নতুন প্রেমের গুঞ্জন

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, আপডেট ০৮:২০

কনটেন্ট ক্রিয়েটর থেকে অভিনয়ে পা রাখা সাহিবা বালিকে নিয়ে বলিপাড়ায় নতুন গুঞ্জন শুরু হয়েছে। অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে তার প্রেমের গুঞ্জন এখন সামাজিক যোগাযোগমাধ্যমে তুঙ্গে।

সম্প্রতি লন্ডনের লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ভারত বনাম ইংল্যান্ডের তৃতীয় ওয়ানডে ম্যাচ চলাকালীন দুজনকে একসঙ্গে গ্যালারিতে বসে খেলা দেখতে দেখা যায়। নীল রঙের পোশাকে ম্যাচ উপভোগ করার সেই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে তাদের সম্পর্কের বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। তবে এই গুঞ্জন ছড়িয়ে পড়ার পরপরই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সাহিবা বালি।

খবর রটে যাওয়ার পর সাহিবা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দুটি ছবি শেয়ার করে জল্পনা-কল্পনার জবাব দেন। প্রথম স্টোরিতে তিনি প্রখ্যাত ক্রিকেটার সুনীল গাভাস্কার এবং ব্রায়ান লারার পাশে দাঁড়িয়ে একটি ছবি পোস্ট করেন, যার ক্যাপশনে মজার ছলে লেখা ছিল গ্যালারিতে বিরাট কোহলিকে সমর্থন করতে আনুশকা শর্মা দাঁড়িয়ে আছেন। এই ছবির সঙ্গে সাহিবা লেখেন, ‘সবকিছু বিশ্বাস করবেন না… পার্ট ১’। ঠিক এর পরের স্টোরিতেই অর্জুন কাপুরের সঙ্গে গ্যালারিতে বসে থাকা ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘সবকিছু বিশ্বাস করবেন না… পার্ট ২’। এই বার্তার মাধ্যমে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে ছড়িয়ে পড়া গুঞ্জনগুলোর কোনো ভিত্তি নেই। তবে এই বিষয়ে অর্জুন কাপুরের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এর আগে কৌতুক অভিনেতা সময় রায়নার সঙ্গে সাহিবার ঘন ঘন ইউটিউব কোলাবোরেশনের কারণে তাদের প্রেম নিয়েও গুঞ্জন উঠেছিল, যা নিয়ে কেউই কখনো মুখ খোলেননি। লর্ডসের স্টেডিয়ামে অর্জুন ও সাহিবাকে একসঙ্গে দেখে ভক্তদের মধ্যেও নানা মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ তাদের জুটি হিসেবে সুন্দর বললেও, অনেকেই মন্তব্য করেছেন যে তারা স্রেফ বন্ধু হিসেবে সেখানে ম্যাচ দেখতে গিয়েছিলেন।

উল্লেখ্য, কয়েক মাস আগে অর্জুনের জন্মদিনে সাহিবা তাদের একটি ভিডিও কলের স্ক্রিনশট শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছিলেন, যার উত্তরে অর্জুনও সাড়া দেন। দীর্ঘদিন ধরে মালাইকা আরোরার সঙ্গে সম্পর্কের পর ২০২৪ সালে তাদের বিচ্ছেদ ঘটে। আর এরপরই সাহিবার সঙ্গে অর্জুনের এই নতুন সমীকরণকে ঘিরে আলোচনা শুরু হলেও সাহিবা নিজেই সেই জল্পনায় জল ঢেলে দিলেন।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading