গার্দিওলাকে কোচ হিসেবে চায় ইতালি
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, আপডেট ০৮:০০
২০২৮ সালের যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড ইউরো কাপকে সামনে রেখে বড়সড় ধাক্কা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইতালি। ইতালির জাতীয় দলের সদ্য নিযুক্ত স্পোর্টিং ডিরেক্টর ও কিংবদন্তি ফুটবলার পাওলো মালদিনি দলের হাল ফেরাতে বিশ্বের অন্যতম সেরা কোচ পেপ গার্দিওলাকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিতে মরিয়া হয়ে উঠেছেন।
স্কাই ইতালিয়ার বরাত দিয়ে জানা গেছে, ম্যানচেস্টার সিটি ছাড়ার পর বর্তমানে দলহীন থাকা এই স্প্যানিশ কোচের সঙ্গে মালদিনি ইতিমধ্যেই একটি বিশেষ বৈঠক সম্পন্ন করেছেন।
ইতালির গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহের শেষ ভাগে বার্সেলোনায় এই হাইপ্রোফাইল বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে পাওলো মালদিনির পাশাপাশি ইতালির কোচিং স্টাফের অন্যতম সদস্য লিওনার্দোও উপস্থিত ছিলেন। ম্যানচেস্টার সিটির অধ্যায় চুকিয়ে গার্দিওলা কিছুদিন আগেই জানিয়েছিলেন যে তিনি বর্তমানে বেশ শান্ত ও চাপহীন জীবন উপভোগ করছেন। তবে ফুটবলার হিসেবে বার্সেলোনা ছাড়ার পর ইতালির ক্লাব ব্রেসিয়া ও রোমাতে খেলার সুবাদে দেশটির প্রতি গার্দিওলার একটি আলাদা টান সব সময়ই ছিল। সেই আবেগকে পুঁজি করেই ইতালির ফুটবল ফেডারেশন গার্দিওলাকে জাতীয় দলের প্রধান কোচের প্রস্তাব দিয়েছে।
গত কয়েক বছর ধরে ইতালির জাতীয় দল আন্তর্জাতিক ফুটবলে বেশ কঠিন সময় পার করছে। বিশেষ করে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে না পারায় দেশটির সমর্থকদের মাঝে চরম হতাশা বিরাজ করছে। এই ভরাডুবি কাটিয়ে আজ্জুরিদের সোনালি দিন ফিরিয়ে আনাই এখন ইতালিয়ান ফুটবল বোর্ডের মূল লক্ষ্য।
যদিও প্রধান কোচের এই পদের দৌড়ে রবার্তো মানচিনি এবং আন্দ্রেয়া পিরলোর মতো তারকাদের নামও আলোচনায় রয়েছে, তবে ফুটবল বোর্ডের প্রথম পছন্দ যে কাতালান মাস্টারমাইন্ড পেপ গার্দিওলা, তা এখন স্পষ্ট। এখন দেখার বিষয়, ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই ট্যাকটিশিয়ান ইতালির দায়িত্ব নিয়ে আন্তর্জাতিক ফুটবলে নতুন অধ্যায় শুরু করেন কি না।
ইউডি/কেএস

