বেনজীরকে ফেরত পাঠাতে ব্যাখ্যা চায় দুবাই, নথি পাঠাচ্ছে দুদক

বেনজীরকে ফেরত পাঠাতে ব্যাখ্যা চায় দুবাই, নথি পাঠাচ্ছে দুদক

উত্তরদক্ষিণ। মঙ্গলবার (২১ জুলাই) ২০২৬, আপডেট ২৩:২০

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার দুর্নীতির মামলার আসামি সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদকে বাংলাদেশে ফেরত পাঠানোর আগে মামলার নথিসহ কয়েকটি বিষয়ে ব্যাখ্যা চেয়েছে দেশটির পুলিশ।

দুবাই পুলিশের চিঠির জবাব প্রস্তুত করা হচ্ছে তথ্য দিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) বলেছে, বেনজীরের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলার নথিসহ প্রয়োজনীয় কাগজপত্র আগামী দুই-এক দিনের মধ্যে পাঠানো হবে।

মঙ্গলবার দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপপরিচালক আকতারুল ইসলাম সাংবাদিকদের বলেন, “বেনজীরকে গ্রেপ্তারের পর বাংলাদেশ সরকার ও দুদকের পক্ষ থেকে দুবাইয়ে যোগাযোগ করা হয়েছিল। পরে তদন্ত কর্মকর্তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রত্যর্পণের জন্য প্রয়োজনীয় নথি পাঠান।

“জবাবে সম্প্রতি দুবাই পুলিশ মামলাসহ কয়েকটি বিষয়ে আরো ব্যাখ্যা চেয়ে চিঠি দিয়েছে। চিঠি পাওয়ার পর সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা জবাব ও প্রয়োজনীয় নথি প্রস্তুতের কাজ শুরু করেছেন।”

তবে দুবাই পুলিশ ঠিক কোন কোন বিষয়ে ব্যাখ্যা চেয়েছে, তার বিস্তারিত প্রকাশ করেনি দুদক।

বিষয়গুলোর সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেছেন, বেনজীরকে হস্তান্তরে দুবাই পুলিশ নীতিগত সম্মতি জানিয়েছে। তবে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সরাসরি বন্দি প্রত্যর্পণ চুক্তি না থাকায় কোন আন্তর্জাতিক আইনি কাঠামো ও প্রক্রিয়ায় তাকে ফেরত নেওয়া হবে, সে বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

আওয়ামী লীগ আমলের আলোচিত পুলিশ কর্মকর্তা বেনজীরের বিরুদ্ধে দুর্নীতি মামলায় ২০২৫ সালের ১১ এপ্রিল আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিস জারি করা হয়েছিল। ওই নোটিসের ভিত্তিতে গত ১২ জুন সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ ই-মেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে বেনজীরের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading