বিয়ে করলেন জনপ্রিয় ইউটিউবার মিস্টার বিস্ট
উত্তরদক্ষিণ। বুধবার, ২২ জুলাই, ২০২৬, আপডেট ১৩:১৫
দীর্ঘদিনের প্রেমিকা থিয়া বয়সেনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন জনপ্রিয় ইউটিউবার জিমি ডোনাল্ডসন ওরফে মিস্টার বিস্ট। সম্প্রতি ক্যারিবীয় অঞ্চলের ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডসের একটি দ্বীপে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের বিয়ের আয়োজন সম্পন্ন হয়। বিয়ের বেশ কয়েকটি ছবি শেয়ার করে ভক্তদের খবরটি জানিয়েছেন বিস্ট নিজেই।
পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমি মিস বিস্টকে খুঁজে পেয়েছি।’ একই সঙ্গে বিয়ের দিনটিকে জীবনের সেরা দিন হিসেবেও উল্লেখ করেছেন তিনি।
বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নবদম্পতি গত রবিবার (১৯ জুলাই) নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে আয়োজিত ২০২৬ ফুটবল বিশ্বকাপ ফাইনালে একসঙ্গে হাজির হয়েছিলেন। সেখানে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে স্ত্রী থিয়াকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন তিনি।
বিস্টের বিয়ের খবরে ভক্তদের মনে প্রশ্ন জেগেছে— কে এই থিয়া বয়সেন? আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ আফ্রিকার বাসিন্দা থিয়া বয়সেনও একজন জনপ্রিয় ইউটিউবার। তিনি আইন ও মনোবিজ্ঞান বিষয়ে ডিগ্রি অর্জন করেছেন।
তাঁর ইউটিউব চ্যানেল ‘মোর দ্যান হিউম্যান’-এ তিনি মনোবিজ্ঞানবিষয়ক নানা ধরনের কনটেন্ট তৈরি করেন। এ ছাড়া লেখক হিসেবেও সুনাম অর্জন করেছেন থিয়া। তাঁর লেখা ‘দ্য মার্কড চিলড্রেন’ বইটি পাঠকদের কাছে বেশ প্রশংসিত হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের বড়দিনের ছুটিতে বাগদান সেরেছিলেন জনপ্রিয় এ জুটি।
ইউডি/কেএস

