শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

উত্তরদক্ষিণ। শনিবার, ২৫ জুলাই, ২০২৬, আপডেট ১২:৫৪

ইন্ডিয়ার শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে কঠোর অবস্থানে রয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টি (সিজেপি)। কেন্দ্রের সঙ্গে টানা তৃতীয় দফা আলোচনার আগেই নিজেদের অবস্থান জানিয়ে প্ল্যাটফর্মটি বলেছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া কোনো আলোচনা নয়।

শনিবার (২৫ জুলাই) ইন্ডিয়ার সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা শনিবার এক্সে দেওয়া এক পোস্টে বলেন, সরকার যদি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত না করে, তাহলে আলোচনার কোনো অর্থ হয় না।

আশুতোষ বলেন, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের বিষয়ে কোনো আপস চলবে না। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে নেতিবাচক জবাব এলে আলোচনার আর কোনো অর্থ থাকে না।

এর আগে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং শুক্রবার বিকেলে কনস্টিটিউশন ক্লাবে সিজেপির প্রতিনিধিদের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক করেন। শনিবার বিকেলে তৃতীয় দফা আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সিজেপি জানিয়েছে, তারা এখনও তাদের দাবিতে অনড়।

প্ল্যাটফর্মটি তিনটি দাবি জানিয়েছে। এগুলো হলো- ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়ার নিশ্চয়তা এবং নিট প্রশ্নপত্র ফাঁসের পর আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া।

এনডিটিভি জানিয়েছে, শুক্রবার অনুষ্ঠিত আলোচনায় কেন্দ্র বিক্ষোভকারীদের দুটি প্রধান দাবিতে নীতিগতভাবে একমত হয়েছে। এগুলো হলো—বিক্ষোভকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়া এবং ক্ষতিপূরণ প্রদান। তবে শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি এখনও অমীমাংসিত রয়েছে।

শুক্রবার নাড্ডা বলেন, প্রায় দুই ঘণ্টা ধরে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে তিনটি প্রধান দাবি এবং পরীক্ষা-সংক্রান্ত পাঁচটি সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। আমরা তাদের জানিয়েছি, আগামীকাল বিকেলে (শনিবার) আমরা তাদের সঙ্গে আবার দেখা করব এবং সরকারের অভ্যন্তরীণ আলোচনার বিষয়ে তাদের অবহিত করব।

এদিকে, প্রশ্নপত্র ফাঁস মোকাবিলায় গত দুই দিনে কেন্দ্র একাধিক পদক্ষেপ নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রশ্নপত্র ফাঁসের মামলার বিচারের জন্য দ্রুত বিচার আদালত স্থাপনের ঘোষণা দিয়েছেন।

পাশাপাশি সরকার প্রশ্নপত্র ফাঁসবিরোধী আইনে আরও কঠোর শাস্তি ও জরিমানার বিধান যুক্ত করতে সংশোধনী আনার পরিকল্পনা করছে।

এ ছাড়া কেন্দ্র শিক্ষা সচিবকে অপসারণ করেছে এবং পরীক্ষা পরিচালনাকারী সংস্থা এনটিএর ৪৭ জন কর্মকর্তাকে বরখাস্ত করেছে। পাশাপাশি শিগগিরই একটি পূর্ণাঙ্গ সংস্কার কার্যক্রমের প্রতিশ্রুতিও দিয়েছে।

এনটিএর ৪৭ জন কর্মকর্তাকে বরখাস্ত করার কেন্দ্রের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেছেন, শুধু এই পদক্ষেপ যথেষ্ট নয়।

তিনি বলেন, ‘আমাদের অনেক খুঁটিনাটি বিষয় খতিয়ে দেখতে হবে। কিন্তু আমরা বারবার একই বিষয় নিয়ে কথা বলছি। চূড়ান্ত দায় শিক্ষামন্ত্রীর, কারণ প্রশ্নপত্র ফাঁস এবং নিট প্রশ্নপত্র ফাঁসের পর যেসব শিক্ষার্থী আত্মহত্যা করেছে, তার জন্য তিনি সরাসরি দায়ী। তাকে পদত্যাগ করতে হবে।’

সূত্র: এনডিটিভি

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading