বঙ্গভবনে গার্ড অব অনার গ্রহণ করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, আপডেট ১২:২০
দেশের সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখতে দায়িত্ব নিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।
দায়িত্ব গ্রহণের পর মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টায় প্রথম কর্মদিবসে বঙ্গভবনে অফিস করেছেন তিনি। এসম তাকে বঙ্গভবনে গার্ড অব অনার দেয়া।
পরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বঙ্গভবনের বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমে অংশ নেয়ার পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
পরে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক কার্যালয়ে দিনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন তিনি। সংশ্লিষ্টরা বলছেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব ও কার্যক্রমে যেন কোনো ধরনের ব্যাঘাত না ঘটে, সে লক্ষ্যেই স্বাভাবিক নিয়মে পরিচালিত হচ্ছে বঙ্গভবনের কার্যক্রম।
প্রথম কর্মদিবসে প্রয়োজনীয় দাপ্তরিক নথিতেও স্বাক্ষর করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি।
এরআগে গত শুক্রবার (২৪ জুলাই) রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। তার পদত্যাগের পর সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেয়ার পর গত রবিবার (২৬ জুলাই) সকালে তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
রাষ্ট্রীয় অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর প্রধানরা এবং সরকারের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইউডি/রেজা

