হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে আলোচনা চলছে: ইরান
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, আপডেট ১৮:৩০
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানিয়েছেন, হরমুজ প্রণালির বর্তমান পরিস্থিতি নিয়ে ওমানের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। তেহরানে শুরু হওয়া এই আলোচনা কয়েক দফায় অনুষ্ঠিত হয়েছে এবং বৃহস্পতিবারও নতুন করে বৈঠক হয়েছে বলে জানান তিনি।
বৃহস্পতিবার (৩০ জুলাই) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা।
ইরানের সংবাদ সংস্থা আইএলএনএকে দেওয়া এক সাক্ষাৎকারে বাঘেই বলেন, বর্তমানে হরমুজ প্রণালি আমেরিকার কর্মকাণ্ড এবং এ জলপথে সৃষ্ট অনিরাপত্তার কারণে বন্ধ রয়েছে। তার দাবি, আন্তর্জাতিক নৌ চলাচলে যে বিঘ্ন সৃষ্টি হয়েছে, তার জন্য আমেরিকার পদক্ষেপই দায়ী।
তিনি বলেন, গত ২৮ মার্চ থেকে আমেরিকা ও ইসরায়েলের সামরিক পদক্ষেপের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বাঘেই অভিযোগ করেন, ইরানি জাহাজে হামলা, বন্দর ও নৌপথে অবরোধ এবং ইরানের ওপর চলমান হামলার কারণে আঞ্চলিক উত্তেজনা বেড়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও জানান, হরমুজ প্রণালি ঘিরে সৃষ্ট সংকটের বিষয়ে ওমানের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত থাকবে।
উল্লেখ্য, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন হয়ে থাকে। এ জলপথের নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ রয়েছে।
ইউডি/রেজা

