সাকিবের হাতে বাংলাদেশ টাইগার্সের নেতৃত্ব
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, আপডেট ১৭:১০
আন্তর্জাতিক ক্রিকেটে আপাতত অনিয়মিত হলেও মাঠের ব্যস্ততা কমেনি সাকিব আল হাসানের! বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে যাওয়া এই অলরাউন্ডার এবার নেতৃত্ব দিতে যাচ্ছেন এশিয়ান লিজেন্ডস লিগে অংশ নেওয়া বাংলাদেশ টাইগার্সকে। এর আগে টুর্নামেন্টে তার অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত হলেও এবার জানা গেল, অধিনায়কের দায়িত্বও পালন করবেন তিনি।
সম্প্রতি আমেরিকার মেজর লিগ ক্রিকেটে খেলার পর বর্তমানে লঙ্কা প্রিমিয়ার লিগে ব্যস্ত সময় কাটাচ্ছেন সাকিব। সেই ব্যস্ত সূচির মাঝেই যোগ হচ্ছে এশিয়ান লিজেন্ডস লিগ। ৩০ জুলাই থেকে জাম্বিয়ায় শুরু হওয়া এই প্রতিযোগিতা চলবে ১০ আগস্ট পর্যন্ত।
সাকিবের নেতৃত্বাধীন বাংলাদেশ টাইগার্স দলে অভিজ্ঞ ও সাবেক জাতীয় ক্রিকেটারদের সমন্বয় ঘটেছে। সহ-অধিনায়ক হিসেবে থাকছেন অলক কাপালি।
ছয় দলের এই টুর্নামেন্টে বাংলাদেশ টাইগার্সের প্রতিপক্ষ হবে এশিয়ান স্টারস, ইন্ডিয়ান রয়েলস, পাকিস্তান প্যান্থারস, আফগানিস্তান পাঠানস ও শ্রীলঙ্কান লায়ন্স।
অংশগ্রহণকারী দলগুলোতেও থাকছেন আন্তর্জাতিক ক্রিকেটের পরিচিত অনেক তারকা। পাকিস্তানের শোয়েব মালিক, মোহাম্মদ হাফিজ ও ওয়াহাব রিয়াজ, ইন্ডিয়ায় শিখর ধাওয়ান, দীনেশ কার্তিক ও হরভজন সিং, শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা ও থিসারা পেরেরা এবং আফগানিস্তানের হজরতউল্লাহ জাজাই ও আসগর আফগানের মতো ক্রিকেটাররা এই আসরে খেলবেন।
জাতীয় দলের বাইরে থাকলেও আন্তর্জাতিক অঙ্গনে সাকিবের ব্যস্ততা যে একটুও কমেনি, এশিয়ান লিজেন্ডস লিগে বাংলাদেশ টাইগার্সের নেতৃত্ব পাওয়াই তার আরেকটি প্রমাণ!
বাংলাদেশ টাইগার্সের স্কোয়াড
সাকিব আল হাসান (অধিনায়ক), অলক কাপালি (সহ-অধিনায়ক), নাজমুস সাদাত, ধীমান ঘোষ (উইকেটরক্ষক), মেহেদী মারুফ, আবুল হাসান রাজু, শফিউল ইসলাম, মুক্তার আলী, তাপস ঘোষ, নাজমুল হোসেন মিলন, উত্তম কুমার ঘোষ, সাকলাইন সজীব, ফরহাদ হোসেন, ইমন আহমেদ, আল মামুন রাসেল, সাদেকুর রহমান।
ইউডি/রেজা

