ডলার নয়, জীবন উদযাপন করুন: পরীমণি
উত্তরদক্ষিণ। শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, আপডেট ১২:১৫
“জীবনে একটা তালি অনেক বড়। জীবনটাকে উদযাপন করা অনেক বড় একটা মোমেন্ট। আপনারা যদি সবাই মোবাইল হাতে নিয়ে ডলার উদযাপন করেন, ডলার তো ফুরিয়ে যাবে! জীবন উদযাপন করা ফুরাবে না, ওটা সারাজীবন থেকেই যাবে।”—ভার্চুয়াল দুনিয়ার মোহ আর যান্ত্রিক জীবনের ঘানি ছেড়ে বাস্তব মুহূর্তকে মন থেকে উপভোগ করার এমনই হৃদয়স্পর্শী বার্তা দিলেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি।
গত ২৯ জুলাই আড়ম্বরপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয় ‘বিডি মোস্ট স্টাইলিশ অ্যাওয়ার্ড সিজন-২’। উক্ত অনুষ্ঠানে গুণী নির্মাতা চয়নিকা চৌধুরীর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়ার জন্য মঞ্চে আমন্ত্রিত হন পরীমণি।
স্মারক হস্তান্তরের পর পুরো মিলনায়তনে আনন্দমুখর পরিবেশ তৈরি করতে পরীমণি সবাইকে হাততালি দেওয়ার ইশারা দেন। কিন্তু পরীমণি লক্ষ্য করেন, মুহূর্তটি হৃদয়ে ধারণ না করে দর্শকরা ব্যস্ত মোবাইলের স্ক্রিনে বন্দি করতে। উপস্থিত প্রায় সবার হাতই তখন থমকে আছে ক্যামেরার রেকর্ডিং বোতামে, কেউ তালি দিচ্ছেন না।
দর্শকদের এমন কৃত্রিমতা দেখে তাৎক্ষণিকভাবে মাইক্রোফোন হাতে নেন পরীমণি। গভীর আবেগ ও উপলব্ধিজাত কণ্ঠে তিনি বলেন, “এসব ভিডিও একদিন ডিলিট করে দিলে সব শেষ! ডিজিটালভাবে যেটা অর্জন করবেন সেটাও একদিন ফুরিয়ে যাবে। কিন্তু জীবনটাকে যদি সত্যিই উদযাপন করতে পারেন, তবে অনেক সুখে থাকবেন।”
ইউডি/কেএস

