পদত্যাগ করলেন বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ
উত্তরদক্ষিণ। শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, আপডেট ১৫:২৮
ইন্ডিয়ায় ক্ষমতাসীন দল ইন্ডিয়ান জনতা পার্টির (বিজেপি) টেলিভিশন বিতর্কের অন্যতম পরিচিত ও প্রভাবশালী মুখ শেহজাদ পুনাওয়ালা দল থেকে পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার সামাজিক মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) নিজের অ্যাকাউন্ট বায়ো পরিবর্তন করার পর তার এই দলত্যাগের বিষয়টি প্রকাশ্যে আসে। আপডেট করা বায়ো থেকে তিনি ‘বিজেপির জাতীয় মুখপাত্র’ পরিচয়টি পুরোপুরি মুছে ফেলেন।
ইন্ডিয়ান সংবাদমাধ্যম এনডিটিভি নিশ্চিত করেছে যে, সম্পূর্ণ ‘ব্যক্তিগত কারণ’ উল্লেখ করে তিনি দল ছাড়ার এই সিদ্ধান্ত নিয়েছেন এবং পদত্যাগপত্র জমা দিয়েছেন।
দল ত্যাগ করলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি নিজের অনুরাগের কথা বায়োতে বজায় রেখেছেন এই তরুণ নেতা। নিজের নতুন বায়োতে তিনি লিখেছেন, ‘ধর্ম: ইসলাম, সংস্কৃতি: হিন্দু, আদর্শ: ইন্ডিয়ান, লেখক: জিএসটি কি যাত্রা; প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আজীবন অনুসারী।’ পেশায় আইনজীবী শেহজাদ পুনাওয়ালা সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া তার পুরোনো সাক্ষাৎকারের একটি অংশ শেয়ার করেছিলেন, যেখানে তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে সক্রিয় রাজনীতি থেকে তার সরে দাঁড়ানোর সময় এসে গেছে। পরবর্তীতে এই পদক্ষেপ তার সেই মন্তব্যেরই বাস্তব প্রতিফলন ঘটাল।
শেহজাদ পুনাওয়ালার রাজনৈতিক জীবনের সূচনা হয়েছিল ইন্ডিয়ার প্রধান বিরোধী দল কংগ্রেসের হাত ধরে। ২০১৭ সালে কংগ্রেসের অভ্যন্তরীণ নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রকাশ্যে চ্যালেঞ্জ জানিয়ে তিনি সংবাদ শিরোনামে আসেন। সে সময় তিনি দাবি করেছিলেন, রাহুল গান্ধীকে দলের সভাপতি পদে বসানোর জন্য নির্বাচনী প্রক্রিয়ায় জালিয়াতি ও পক্ষপাতিত্ব করা হয়েছিল। ওই বিতর্কের পর তিনি কংগ্রেস ত্যাগ করেন এবং পরবর্তীতে বিজেপিতে যোগ দেন। বিজেপিতে যোগ দেওয়ার পর তার বাগ্মিতা ও কৌশলগত অবস্থানের কারণে দল তাকে জাতীয় মুখপাত্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়।
শেহজাদ পুনাওয়ালা প্রখ্যাত রাজনৈতিক বিশ্লেষক তেহসিন পুনাওয়ালার ছোট ভাই। শেহজাদ কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে টিভি বিতর্কে কংগ্রেস ও তার শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে সুর চড়ালে দুই ভাইয়ের সম্পর্কে প্রকাশ্যে টানাপোড়েন শুরু হয়। তেহসিন পুনাওয়ালা নিয়মিত টেলিভিশন টকশোতে কংগ্রেস সমর্থক ও নরেন্দ্র মোদি সরকারের কঠোর সমালোচক হিসেবে অংশ নেন। বিপরীতমুখী রাজনৈতিক আদর্শে থাকা এই দুই ভাইকে প্রায়ই খবরের চ্যানেলগুলোতে সরাসরি বিতর্কে মুখোমুখি হতে, একে অপরের বিরুদ্ধে রাজনৈতিক বাণ বা কটাক্ষ ছুড়ে দিতে দেখা যেত।
প্রতিবেদনে বলা হওয়া ‘ব্যক্তিগত কারণ’-এর বাইরে ঠিক কী কারণে এই আকস্মিক পদত্যাগ, সে বিষয়ে বিজেপি বা শেহজাদ পুনাওয়ালার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক কারণ স্পষ্ট করা হয়নি। তবে এ নিয়ে খুব শিগগিরই একটি আনুষ্ঠানিক বিবৃতি আসতে পারে বলে আশা করা হচ্ছে।
ইউডি/রেজা

