ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না: তথ্যমন্ত্রী

ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না: তথ্যমন্ত্রী

উত্তরদক্ষিণ। শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, আপডেট ১৫:৪০

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এম. জহির উদ্দিন স্বপন বলেছেন, ধর্মীয় বিশ্বাস ও ধর্মচর্চাকে পুঁজি করে কোনো মহল যদি মানুষকে নিজেদের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করে, তবে ধর্মপ্রাণ মানুষই তাদের চিহ্নিত করবেন। বাংলাদেশে ধর্ম, বর্ণ কিংবা সম্প্রদায়কে বিবেচনায় রেখে কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেওয়া হবে না।

শুক্রবার (৩১ জুলাই) দুপুর ১২টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বরিশাল জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্টভাবে ঘোষণা করেছেন,‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’। তাই কোনো ধর্মাবলম্বীকে রাজনৈতিক বা অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করে রাষ্ট্রকে ধর্মের নামে বিভক্ত বা গ্রাস করার চেষ্টা গ্রহণযোগ্য নয়। এ ধরনের সাম্প্রদায়িকতা প্রকৃতপক্ষে ধর্মবিরোধী।

তিনি আরও বলেন, যখনই কোনো গোষ্ঠী ধর্মীয় বিশ্বাস ও ধর্মচর্চাকে সাম্প্রদায়িকতার হাতিয়ারে পরিণত করার চেষ্টা করবে, তখনই ধর্মপ্রাণ মানুষ সেই ধর্মব্যবসায়ীদের চিহ্নিত করবেন এবং তাদের প্রত্যাখ্যান করবেন।

মন্ত্রী বলেন, রাজনৈতিক নেতাদের বক্তব্য জনগণের কল্যাণের জন্য হওয়া উচিত। জনগণ যতদিন কোনো দলের কর্মকাণ্ড ও বক্তব্যকে নিজেদের কল্যাণকর মনে করবে, ততদিন সেই দল ও তার প্রতীক জনগণের কাছে গ্রহণযোগ্য থাকবে।

সম্মেলনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় ও বরিশাল জেলা শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের সনাতন ধর্মাবলম্বী নেতারা উপস্থিত ছিলেন।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading