চাকরির পরীক্ষায় অনিয়ম: ইন্ডিয়ায় ফের উত্তাল ছাত্র সমাজ

চাকরির পরীক্ষায় অনিয়ম: ইন্ডিয়ায় ফের উত্তাল ছাত্র সমাজ

উত্তরদক্ষিণ। সোমবার, ০৩ আগস্ট, ২০২৬, আপডেট ১৯:৩০

মেডিকেল ভর্তি পরীক্ষা ‘নিট’- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে সম্প্রতি উত্তাল হয়ে উঠেছিল ইন্ডিয়ার রাজধানী দিল্লিসহ একাধিক রাজ্য। সেই রেশ না কাটতেই এবার দেশটির পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় ব্যাপক অনিয়ম ও প্রশ্ন ফাঁসের অভিযোগে তীব্র আন্দোলনে নেমেছে শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা। এই আন্দোলনের প্রতি আনুষ্ঠানিকভাবে সংহতি ও পূর্ণ সমর্থন জানিয়েছে তরুণদের প্রতিবাদী সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি)।

ইন্ডিয়ান সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের (জেপিএসসি) ১৪তম প্রিলিমিনারি পরীক্ষায় বড় ধরনের দুর্নীতি ও প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে। চাকরিপ্রার্থীরা পরীক্ষা বাতিল, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং রাজ্যের নিয়োগ ব্যবস্থার সংস্কারের দাবি তুলেছেন।

গতকাল রবিবার রাজধানী রাঁচির আলবার্ট এক্কা চকে মশাল মিছিল করেছেন এবং দাবি আদায় না হলে বিধানসভা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন হাজার হাজার শিক্ষার্থী। একই দাবিতে রাঁচির জয়পাল সিং মুণ্ডা স্টেডিয়ামে অনির্দিষ্টকালের অনশন শুরু করেছেন ছাত্রনেতা দেবেন্দ্রনাথ মাহাতো।

সমর্থকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে আন্দোলনের ধারাবাহিকতা তুলে ধরে মাহাতো জানান, গত মাসে ১৪তম জেপিএসসি প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের পরই এই আন্দোলনের সূচনা হয়।

বার্তা সংস্থা এএনআইকে তিনি বলেন, ‘ঠিক এক মাস আগে, অর্থাৎ গত মাসের ২ তারিখে ১৪তম প্রিলিমিনারি টেস্টের (পিটি) ফলাফল ঘোষণার মধ্য দিয়েই এই বিতর্কের সূত্রপাত হয়েছিল। আমরা ৫ জুলাই এই আন্দোলন শুরু করি, ৭ জুলাই রাজ্য সরকারের সঙ্গে সাক্ষাৎ করি এবং ৮ জুলাই কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ জানাই। এরপর ২০ জুলাই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে প্রমাণ জমা দিই, যার ফলে সরকারি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া শুরু হয়।’

মাহাতোর অভিযোগ, কয়েক সপ্তাহ ধরে আন্দোলন চললেও সরকার এবং ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) শিক্ষার্থীদের উদ্বেগের যথাযথ কোনো সমাধান দিতে পারেনি।

তিনি সাংবাদিকদের বলেন, মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের কাছে দেওয়া দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত তিনি অনশন চালিয়ে যাবেন।

তিনি বলেন, ‘ঝাড়খণ্ড সরকার এবং কমিশন উভয়ের বর্তমান মনোভাব রাজ্যজুড়ে ছাত্রছাত্রীদের মনোবল ভেঙে দিচ্ছে। ছাত্রছাত্রীদের মনোবল অটুট রাখতে এবং এই সংগ্রামকে আরও জোরদার করতে আমি আজ থেকে অনশন শুরু করছি। আমাদের প্রধান উদ্দেশ্য হলো ১৪তম পিটি পরীক্ষা বাতিল করা এবং টিডিপিএল সংস্থা থেকে পরিচালিত সব পরীক্ষার তদন্ত নিশ্চিত করা।’

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের মনোবল অটুট রাখতে এই লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি অনশনে বসেছি। আমি এই অনশনের সব নিয়ম মেনে চলব এবং নিশ্চিত করব যে সরকার নতজানু হয়। আমরা নিশ্চিত করব, সব অভিযুক্ত কঠোর শাস্তি পায়।’

এদিকে আন্দোলনের প্রতি ককরোচ জনতা পার্টির (সিজেপি) সমর্থনের পর বিক্ষোভ আরও জোরদার হয়েছে। রবিবার আন্দোলনকারী ছাত্রনেতাদের সাথে ভিডিও কলে কথা বলে তাদের দাবির প্রতি পূর্ণ সমর্থন জানান সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।

রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত একটি ভিডিও বার্তায় তিনি জানান, ঝাড়খণ্ডে জেপিএসসি ও জেএসএসসি নিয়োগ প্রক্রিয়া নিয়ে ওঠা অভিযোগের বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে তার কথা হয়েছে।

অভিজিৎ দীপকে বলেন, ‘ঝাড়খণ্ডের আন্দোলনরত শিক্ষার্থীদের ন্যায্য দাবির প্রতি সিজেপির পূর্ণ সমর্থন রয়েছে’। পাশাপাশি আন্দোলনকে আরও শক্তিশালী করতে যে ধরনের সহযোগিতা প্রয়োজন হবে, তা দেওয়ার আশ্বাসও দেন তিনি।

এদিকে চলমান আন্দোলন ঘিরে ঝাড়খণ্ডের রাজনৈতিক মাঠেও উত্তেজনা দেখা দিয়েছে। জেএমএম-এর নেতৃত্বাধীন সরকাররের এই ব্যর্থতার নৈতিক দায় নিয়ে মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনের পদত্যাগ দাবি করেছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি।

সূত্র: হিন্দুস্তান টাইমস, এবিপি

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading