চট্টগ্রাম বন্দর চ্যানেলে দুর্ঘটনা, আটকে গেল কনটেইনারবাহী জাহাজ

চট্টগ্রাম বন্দর চ্যানেলে দুর্ঘটনা, আটকে গেল কনটেইনারবাহী জাহাজ

উত্তরদক্ষিণ। সোমবার, ০৩ আগস্ট, ২০২৬, আপডেট ১৯:৪৫

চট্টগ্রাম বন্দর চ্যানেলে প্রবেশের সময় স্টিয়ারিং বিকল হয়ে একটি কনটেইনারবাহী জাহাজ রেড বয়ায় ধাক্কা দিয়ে রিটেইনিং ওয়ালে আটকে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

সোমবার (৩ আগস্ট) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

বন্দর সূত্র জানায়, এমভি সিএনসি ইউরেনাস বন্দর চ্যানেল দিয়ে চলার সময় হঠাৎ স্টিয়ারিংয়ে কারিগরি ত্রুটি দেখা দেয়। এতে জাহাজটি নিয়ন্ত্রণ হারায়। প্রথমে এটি ২ নম্বর রেড বয়ায় ধাক্কা দেয়। পরে রিটেইনিং ওয়ালে আটকে যায়।

খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে বন্দর কর্তৃপক্ষ। কাণ্ডারি-৪ ও কাণ্ডারি-১১ নামে দুটি টাগবোট ঘটনাস্থলে গিয়ে জাহাজটি সরানোর কাজ শুরু করে।
বাংলাদেশ নৌবাহিনী, কোস্ট গার্ড ও সংশ্লিষ্ট সংস্থাগুলো উদ্ধারকাজে অংশ নিয়েছে। তারা জাহাজটি নিরাপদে সরিয়ে নিতে এবং চ্যানেলে নৌযান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে।

জানা গেছে, চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থান করা কনটেইনারবাহী জাহাজগুলোকে বন্দর চ্যানেল দিয়ে জেটিতে নিয়ে আসেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিজস্ব পাইলটরা। ওই সময় দুর্ঘটনার কবলে পড়ে জাহাজটি।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, ঘটনায় কোনো হতাহতের খবর নেই। উদ্ধার অভিযান এখনও চলছে। পরিস্থিতি অনুযায়ী পরে আরও তথ্য জানানো হবে।

ইউডি/রেজা/রহমান

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading