লাউয়াছড়ায় দেখা মিলল উল্টোলেজি বানরের

লাউয়াছড়ায় দেখা মিলল উল্টোলেজি বানরের

উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৭ আগস্ট, ২০২৬, আপডেট ০৯:৩০

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সবুজে মোড়া লাউয়াছড়া জাতীয় উদ্যানে যেন প্রকৃতি নিজেই আঁকছে নতুন এক দৃশ্যপট। সেই সবুজ নিসর্গের ভেতর সম্প্রতি দেখা মিলেছে বিরল এক বন্যপ্রাণী ‘উল্টোলেজি বানর’।

স্থানীয়দের কাছে এটি পরিচিত কেশরওয়ালা সিংহ বানর, কুলু বান্দর, ছোট লেজি বানর কিংবা উলু বান্দর নামে। আর প্রকৃতিপ্রেমীদের কাছে এটি এখন নতুন এক আকর্ষণের নাম।

সকালে উদ্যানের নিরিবিলি পরিবেশে দলবেঁধে চলাচল করতে দেখা যায় কয়েকটি উল্টোলেজি বানরকে। গভীর বনের নরম আলোছায়ায় তাদের স্বাভাবিক চলাফেরা যেন এক জীবন্ত প্রাকৃতিক দৃশ্যপট নীরব, অথচ মুগ্ধতায় ভরা।

এই প্রাণীগুলোর আচরণে ছিল স্বতঃস্ফূর্ততা, চোখে ছিল বনের নির্ভার স্বাধীনতা। পর্যটক ও দর্শনার্থীদের কাছে মুহূর্তটি হয়ে ওঠে এক অনন্য অভিজ্ঞতা যেখানে মানুষ শুধু দর্শক, আর প্রকৃতি নিজেই মূল চরিত্র।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের তথ্য অনুযায়ী, ইংরেজিতে Northern pig-tailed macaque নামে পরিচিত এই প্রজাতিটি আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন)-এর তালিকায় ‘সংকটাপন্ন’। বাংলাদেশের ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনেও এদের সংরক্ষিত প্রাণী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

শুধু লাউয়াছড়া নয়, হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যান এবং রেমা-কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্যেও এই প্রজাতির দেখা মেলে। সাধারণত ২০ থেকে ২৫ সদস্যের দলে তারা বসবাস করে যেখানে থাকে পুরুষ, স্ত্রী ও বাচ্চারা মিলিয়ে এক সামাজিক কাঠামো।

উল্টোলেজি বানরের সবচেয়ে আলাদা বৈশিষ্ট্য হলো এর লেজ শূকরের মতো পিঠের দিকে বাঁকানো। গায়ের রঙ হালকা সোনালি থেকে বাদামি। ফলমূল ও কচিপাতা এদের প্রধান খাদ্য। শান্ত বনের পরিবেশে তাদের উপস্থিতি প্রকৃতির ভারসাম্যের একটি সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ দিককে তুলে ধরে। তবে এই সৌন্দর্যের আড়ালেই রয়েছে উদ্বেগের ছায়া।

স্থানীয় বাসিন্দা আবুল মিয়া বলেন, আগে মাঝে মাঝে দেখতাম, এখন কিছুটা বেশি দেখা যাচ্ছে। কিন্তু রেললাইনের পাশে ওদের চলাফেরা চিন্তার কারণ।

পর্যটক রাতুল রায় জানান, ওদের স্বাভাবিক চলাফেরা দেখা সত্যিই অসাধারণ অভিজ্ঞতা। এমন দৃশ্য খুব কম জায়গায় পাওয়া যায়।

পরিবেশকর্মী সালাউদ্দীন শুভ সতর্ক করে বলেন, রেলপথের কারণে বন্যপ্রাণী প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে। দ্রুত নিরাপত্তা ব্যবস্থা না নিলে এই সংকটাপন্ন প্রজাতি আরও ঝুঁকিতে পড়বে।

লাউয়াছড়া জাতীয় উদ্যানের ইকো ট্যুর গাইড সাজু মারছিয়াংয়ের কণ্ঠেও একই উদ্বেগ, এই সুন্দর দৃশ্যের আড়ালেই লুকিয়ে আছে শঙ্কা। উদ্যানের ভেতর দিয়ে যাওয়া আখাউড়া–সিলেট রেলপথের পাশে প্রায়ই বানরগুলোর চলাচল দেখা যায়। ট্রেনের ধাক্কায় প্রাণহানির ঘটনাও নতুন নয়।

বাপার জাতীয় পরিষদ সদস্য আ স ম সালেহ সোহেল বলেন, লাউয়াছড়া জাতীয় উদ্যান দেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র। এখানে এই বিরল উল্টোলেজি বানরের উপস্থিতি আমাদের সমৃদ্ধ জীববৈচিত্র্যের উজ্জ্বল নিদর্শন, যা সংরক্ষণের গুরুত্ব নতুন করে মনে করিয়ে দেয়।

লাউয়াছড়া জাতীয় উদ্যানের বিট কর্মকর্তা মারজুক হোসেন জানান, ছোট-বড় মিলিয়ে উল্টোলেজি বানরের একটি দল এখানে বাস করছে। যেহেতু এরা সংকটাপন্ন প্রজাতির অন্তর্ভুক্ত, তাই আমরা তাদের ওপর বিশেষ নজরদারি রাখছি।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading