সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৯
উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৭ আগস্ট, ২০২৬, আপডেট ১২:২২
সিলেটের ওসমানীনগরে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন যাত্রী।
শুক্রবার (৭ আগস্ট) সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর থানাধীন কাশিকাপন এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
ওসমানীনগর থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদিন জানান, সকালে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসের (ঢাকা মেট্রো-ব ১৫-২৫৬৩) সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী বেঙ্গল স্লিপার কোচের (ঢাকা মেট্রো-ব ১২-৫৯৮৭) মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ইউনিক পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ইউনিক পরিবহনের ৭ জন যাত্রী প্রাণ হারান।
দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত উদ্ধার অভিযান চালান। হাসপাতালে নেয়ার পর দুজন মারা যান। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় ৪ বছর বয়সি শিশু জাইফা ইসলামকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত জাইফার বাড়ি সিলেটের দক্ষিণ সুরমা এলাকার চণ্ডিপুলে। এ ঘটনায় তার পরিবারের আরও ৪ সদস্য গুরুতর আহত হয়েছেন।
সব মিলিয়ে দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতরা সবাই ইউনিক পরিবহনের যাত্রী ছিলেন বলে জানা গেছে।
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে শেরপুর হাইওয়ে পুলিশ, ওসমানীনগর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। নিহতদের মরদেহ উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে শেরপুর হাইওয়ে পুলিশ। দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে ওই মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ইউডি/কেএস

