‘প্রবাসী কার্ড’ চালু শিগগিরই: প্রতিমন্ত্রী

‘প্রবাসী কার্ড’ চালু শিগগিরই: প্রতিমন্ত্রী

উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৭ আগস্ট, ২০২৬, আপডেট ১৮:০৭

প্রবাসীদের জন্য শিগগিরই ‘প্রবাসী কার্ড’ চালু হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

শুক্রবার (৭ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে খুব শিগগিরই প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালু করা হবে। এ কার্ডধারীরা বিভিন্ন সরকারি সেবায় অগ্রাধিকার সুবিধা পাবেন।’

প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও ভোগান্তির কথা তুলে ধরে তিনি বলেন, ‘পাসপোর্ট করতে দালালচক্রের দৌরাত্ম্য, ভিসা-সংক্রান্ত প্রতারণা এবং বিমানবন্দরে নানা ধরনের হয়রানি দূর করতে বড় কোনো বাজেটের প্রয়োজন নেই, প্রয়োজন শুধু সদিচ্ছার।’

এসময় জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের সচিবালয় ঘেরাওয়ের ঘটনার তীব্র সমালোচনা করেন তিনি।

তিনি বলেন, ‘মাত্র পাঁচ থেকে ছয় মাসের একটি সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা আত্মঘাতী। তবে যেকোনো দাবি আদায়ে প্ররোচনায় পা না দিয়ে নিয়মতান্ত্রিক উপায়ে স্মারকলিপি প্রদান এবং আলোচনার মাধ্যমে দাবি উপস্থাপন করা যায়।’

নুরুল হক নুর বলেন, ‘দেশের প্রশাসনকে এখনো পুরোপুরি জনবান্ধব (প্রো-পিপল) হিসেবে গড়ে তোলা সম্ভব হয়নি।’

তিনি অফিস-আদালতে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং প্রশাসনকে আরও সেবামুখী করতে দৃষ্টিভঙ্গি বদলানোর ওপর জোর দেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘উপজেলা পর্যায় থেকে জেলা অফিস কিংবা হাসপাতালে সেবা নিতে আসা সাধারণ মানুষ প্রায়ই সঠিক দিকনির্দেশনা না পেয়ে চরম ভোগান্তি ও মানসিক যন্ত্রণার শিকার হন। তাই প্রশাসনকে ওপর থেকে নিচ পর্যন্ত জনবান্ধব হিসেবে গড়ে তুলতে হবে।’

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading