বাবাকে শেষ বিদায় জানাতে রোসারিওতে মেসি

বাবাকে শেষ বিদায় জানাতে রোসারিওতে মেসি

উত্তরদক্ষিণ। রবিবার, ০৯ আগস্ট, ২০২৬, আপডেট ১২:৪৯

ইন্টার মায়ামির আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি তাঁর সদ্য প্রয়াত বাবা হোর্হে মেসির শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিতে জন্মশহর রোসারিওতে পৌঁছেছেন। দীর্ঘ দিন ধরে অসুস্থতার সাথে লড়াইয়ের পর শুক্রবার ৬৮ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেন হোর্হে মেসি। এই কঠিন সময়ে পরিবারের পাশে থাকতে ইন্টার মায়ামি কর্তৃপক্ষের কাছ থেকে ছুটি নিয়ে আমেরিকা থেকে আর্জেন্টিনায় উড়াল দেন আটবারের ব্যালন ডি’অর জয়ী তারকা।

শনিবার সকালে ফোর্ট লডারডেল থেকে রওনা হয়ে স্থানীয় সময় রাত ৮টার কিছু পর রোসারিওতে পৌঁছান মেসি। শৈশবের ক্লাবে খেলা থেকে শুরু করে বিশ্ব ফুটবলের চূড়ায় ওঠার প্রতিটি পদক্ষেপে হোর্হে মেসি ছিলেন তাঁর ছেলের সবচেয়ে বড় অভিভাবক ও এজেন্ট। বাবাকে শেষ বিদায় জানানোর পাশাপাশি মা সেলিয়া মারিয়া কুকচিত্তিনি ও পরিবারের অন্য সদস্যদের সমবেদনা জানাতে শৈশবের শহরে ফিরেছেন আর্জেন্টিনা অধিনায়ক।

পরিবার সূত্রে জানা গেছে, হোর্হে মেসির শেষকৃত্য সম্পূর্ণ পারিবারিক ও ব্যক্তিগত পরিসরে সম্পন্ন হবে, যেখানে কেবল নিকটাত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত থাকবেন। তবে ইতোমধ্যে প্রিয় তারকার পরিবারের প্রতি সমবেদনা ও শ্রদ্ধা জানাতে সমাধিস্থলের বাইরে ভক্তদের ভিড় জমেছে।

বাবার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকে ফুটবল বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মেসির সাবেক ক্লাব বার্সেলোনা, চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ এবং রোসারিওর স্থানীয় দুই ক্লাব রোসারিও সেন্ট্রাল ও নিউয়েলস ওল্ড বয়েজ সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে।

এদিকে পারিবারিক ছুটির কারণে লিগস কাপের গ্রুপ পর্বে মন্টেরির বিপক্ষে ম্যাচে মেসিকে ছাড়াই মাঠে নামে ইন্টার মায়ামি। রদ্রিগো দে পল মায়ামিকে এগিয়ে নেওয়া সত্ত্বেও ম্যাচটি ২-১ ব্যবধানে হেরে যায় ক্লাবটি। মায়ামি কর্তৃপক্ষ জানিয়েছে, মেসির ফেরার জন্য কোনো তাড়াহুড়ো নেই এবং ফুটবল মাঠে ফেরার আগে পরিবারকে দেওয়ার জন্য তাঁকে পর্যাপ্ত সময় দেওয়া হবে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading