ইরানের সঙ্গে দরকষাকষি দাবার চালের মতো: ট্রাম্প
উত্তরদক্ষিণ। সোমবার, ১০ আগস্ট, ২০২৬, আপডেট ০৯:০০
বিশ্বরাজনীতির ময়দানে ইরানের সঙ্গে আমেরিকার চলমান সম্পর্ককে রীতিমতো ‘দাবার চালের’ সঙ্গে তুলনা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওমানের মধ্যস্থতায় হরমুজ প্রণালি নিয়ে চুক্তিতে তেহরান রাজি না হলেও এখনই কোনো সামরিক হুমকি দিচ্ছেন না তিনি; বরং অর্থনৈতিক চাপ বাড়িয়ে দেশটিকে পুরোপুরি কাবু করার কৌশলেই অত্যন্ত ধীরলয়ে এগোচ্ছে ওয়াশিংটন।
আমেরিকার সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প তার এই নতুন রাজনৈতিক কৌশলের কথা তুলে ধরেন। তিনি জানান, ওমানের সঙ্গে চুক্তি নাকচ করে শনিবার ইরান নতুন শর্ত জুড়ে দিলেও আমেরিকা আপাতত সামরিক পথে হাঁটছে না। বরং মার্কিন নৌ-অবরোধের কারণে ইরান এখন চরম দুর্দশার মধ্যে পড়েছে। প্রবল মূল্যস্ফীতি এবং তীব্র অর্থকষ্টে ধুঁকতে থাকা দেশটির ওপর ওয়াশিংটন এখন কেবল তীক্ষ্ণ নজর রাখছে।
সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমরা তাদের সঙ্গে কেবল আংশিক আলোচনা চালিয়ে যাচ্ছি। পরিস্থিতি এমনিতেই ঠিক হয়ে যাবে, কারণ সব সময়ই এমনটা হয়। পুরো বিষয়টি আসলে অনেকটা দাবা খেলার মতো।
একদিকে নৌ-অবরোধের জেরে ইরানের অর্থনীতি যখন খাদের কিনারে, তখন বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমে ব্যারেলপ্রতি ৭৫ ডলারে নেমে আসায় আমেরিকার ভোক্তারা বেশ স্বস্তিতে রয়েছেন। এ বিষয়টিকে আমেরিকার জন্য একটি বড় সুবিধা হিসেবেই দেখছেন ট্রাম্প।
ইউডি/কেএস

