বিদেশে শিক্ষার ফি পরিশোধে আন্তর্জাতিক কার্ড ব্যবহারের অনুমতি

বিদেশে শিক্ষার ফি পরিশোধে আন্তর্জাতিক কার্ড ব্যবহারের অনুমতি

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, আপডেট ০৯:০০

বিদেশে উচ্চশিক্ষার টিউশন ফি ও অন্যান্য শিক্ষা-সংক্রান্ত ব্যয় পরিশোধে আন্তর্জাতিক কার্ড ব্যবহারের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে বাংলাদেশি শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠান ও ভর্তি প্ল্যাটফর্মে অর্থ পরিশোধের প্রক্রিয়া সহজ হবে।

এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। প্রজ্ঞাপনে বলা হয়েছে, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠানে টিউশন ফি ও অন্যান্য শিক্ষা-সংক্রান্ত ব্যয় পরিশোধের জন্য ডেবিট, প্রিপেইড অথবা ক্রেডিট কার্ড ইস্যু করতে পারবে। বিদেশি বিশ্ববিদ্যালয় ও ভর্তি প্ল্যাটফর্মগুলোতে আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে অর্থ পরিশোধের বাড়তি চাহিদার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ ধরনের লেনদেন আলাদাভাবে বিবেচিত হবে। অর্থাৎ, বিদেশে শিক্ষা-সংক্রান্ত ব্যয় পরিশোধের জন্য কার্ড ব্যবহারের অর্থ বিদ্যমান ভ্রমণ কোটা বা অন্যান্য বৈদেশিক মুদ্রা সুবিধার আওতায় গণ্য হবে না।

প্রজ্ঞাপন অনুযায়ী, শিক্ষার্থীর নামে অথবা তার শিক্ষার ব্যয় বহনকারী ব্যক্তির নামে কার্ড ইস্যু করা যাবে। তবে এ ক্ষেত্রে এডি ব্যাংকগুলোকে প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়সীমার মধ্যে শুধু অনুমোদিত শিক্ষা-সংক্রান্ত পরিশোধেই কার্ড ব্যবহার করা হচ্ছে কি না, সেটিও ব্যাংকগুলোকে নিশ্চিত করতে হবে।

এ ছাড়া আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে শিক্ষা-সংক্রান্ত লেনদেনের যথাযথ রেকর্ড সংরক্ষণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্ধারিত পারপাস কোড ব্যবহার করে এ ধরনের সব লেনদেন কেন্দ্রীয় ব্যাংকে প্রতিবেদন করতে হবে এডি ব্যাংকগুলোকে।

নতুন এ ব্যবস্থার ফলে বিদেশে পড়াশোনার জন্য প্রয়োজনীয় টিউশন ফি ও অন্যান্য অনুমোদিত শিক্ষা ব্যয় পরিশোধে শিক্ষার্থী ও তাদের পরিবারের জন্য আন্তর্জাতিক লেনদেনের একটি অতিরিক্ত ও তুলনামূলক সহজ মাধ্যম তৈরি হলো।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading