সপ্তাহে একদিন বিনামূল্যে জুলাই জাদুঘর পরিদর্শন করবে শিক্ষার্থীরা
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, আপডেট ১২:৫৩
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন,“জুলাই গণঅভ্যুত্থান জাদুঘরসহ দেশের বিভিন্ন জাদুঘর শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে সপ্তাহে একদিন শিক্ষার্থীরা বিনামূল্যে জুলাই গণঅভ্যুত্থান জাদুঘর পরিদর্শনের সুযোগ পাবে।”
মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থান জাদুঘরে সপ্তাহের একটি দিন শিক্ষার্থীদের জন্য নির্ধারণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্কুলের ওপরের শ্রেণির শিক্ষার্থীরা এ সুবিধা পাবে।”
শিক্ষার্থীদের জাদুঘর পরিদর্শনে টিকিট লাগবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “শিক্ষার্থীদের জন্য টিকিট সম্পূর্ণ বিনামূল্যে থাকবে।”
তিনি বলেন, “শুরুতে এ কার্যক্রম নির্দিষ্ট কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে শুরু হলেও পর্যায়ক্রমে সরকারি-বেসরকারি সব স্কুলের শিক্ষার্থীদের এর আওতায় আনা হবে।”
জাহেদ উর রহমান বলেন, “শুধু জুলাই গণঅভ্যুত্থান জাদুঘর নয়, জাতীয় জাদুঘরেও সরকারি ব্যবস্থাপনায় স্কুলের শিক্ষার্থীদের নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকাসহ দেশের অন্যান্য এলাকার জাদুঘরগুলোতেও একই ধরনের কার্যক্রম চালু করা হবে।”
তিনি বলেন, “সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জাদুঘরের পাশাপাশি অন্যান্য মন্ত্রণালয়ের অধীনে থাকা জাদুঘরগুলোতেও শিক্ষার্থীদের নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে।”
জুলাই গণঅভ্যুত্থান জাদুঘর উদ্বোধনের পর দর্শনার্থীদের ব্যাপক আগ্রহের কথা তুলে ধরে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, “উদ্বোধনের পর মানুষের ব্যাপক আগ্রহের কারণে একদিন সামান্য ব্যবস্থাপনা সমস্যা দেখা দিয়েছিল। পরে তা নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে দর্শনার্থীরা সুশৃঙ্খলভাবে জাদুঘর পরিদর্শন করছেন।”
তিনি বলেন, “শিক্ষার্থীদের জাদুঘর পরিদর্শনের সুযোগ করে দেওয়ার মাধ্যমে দেশের ইতিহাস, ঐতিহ্য ও গুরুত্বপূর্ণ ঘটনাবলি সম্পর্কে তাদের প্রত্যক্ষ ধারণা তৈরি হবে। একই সঙ্গে নতুন প্রজন্মকে জাদুঘরমুখী করার সুযোগ সৃষ্টি হবে।”
সরকারের এ উদ্যোগের ফলে শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের বাইরেও দেশের ইতিহাস ও সাম্প্রতিক গুরুত্বপূর্ণ ঘটনাবলি সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে বলে জানান তিনি।
ইউডি/রেজা

