ইয়ামাল কি সত্যিই প্রেমিকার সঙ্গে প্রতারণা করেছেন? যা জানা গেল

ইয়ামাল কি সত্যিই প্রেমিকার সঙ্গে প্রতারণা করেছেন? যা জানা গেল

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, আপডেট ১৭:৫৯

সাম্প্রতিক ২০২৬ বিশ্বকাপ জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দারুণ চর্চায় রয়েছেন ১৯ বছর বয়সী স্প্যানিশ উইঙ্গার লামিনে ইয়ামাল। মাঠের অসাধারণ পারফরম্যান্সের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহের কমতি নেই। তবে সম্প্রতি এই তরুণ তারকাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বড় বিতর্ক ছড়িয়ে পড়ে। দাবি করা হয়, কলম্বিয়ায় ছুটি কাটানোর সময় ২১ বছর বয়সী প্রেমিকা ও স্প্যানিশ ইনফ্লুয়েন্সার ইনেস গার্সিয়া সান্তোসের সাথে প্রতারণা করেছেন ইয়ামাল। তবে বিস্তারিত অনুসন্ধানে দেখা গেছে, এই পুরো ঘটনাটিই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি বানোয়াট তথ্যের ওপর ভিত্তি করে রটানো হয়েছে।

ঘটনার সূত্রপাত হয় এক্স-এ (সাবেক টুইটার) ছড়িয়ে পড়া কয়েকটি ছবিকে কেন্দ্র করে। ছবিতে দেখা যায়, কলম্বিয়ার একটি প্রমোদতরীতে বিকিনি পরিহিত এক নারীর সাথে ছুটি কাটাচ্ছেন ইয়ামাল। ছবিটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, “মনে হচ্ছে কলম্বিয়াতে দারুণ সময় কাটাচ্ছেন লামিনে ইয়ামাল।” এরপরই নেটদুনিয়ায় গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, নিজের দীর্ঘদিনের প্রেমিকা ইনেস গার্সিয়া সান্তোসের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন এই ফুটবলার।

তবে ছবিগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করার পর জানা যায়, এগুলো কোনো আসল ছবি নয়, বরং এআই দিয়ে অত্যন্ত সূক্ষ্মভাবে তৈরি করা ভুয়া ছবি। ছবিগুলো প্রথম দর্শনে আসল মনে হলেও এগুলো ছিল পুরোপুরি কৃত্রিম। অন্যদিকে, ঘটনার সত্যতা প্রমাণে আরেকটি প্রতিবেদনে প্রকাশ পায় যে, প্রমোদতরীর খবর ছড়ানোর সময়েই একটি ব্যক্তিগত বিমান থেকে প্রেমিকা ইনেসের সাথেই একসাথে নিচে নেমে আসতে দেখা গেছে ইয়ামালকে, যা প্রতারণার গুঞ্জনকে সম্পূর্ণ নাকচ করে দেয়।

এআই ছবি ভাইরাল হওয়ার পর আরেকটি ভুয়া খবর রটে যে, ইনেস ইনস্টাগ্রামে ইয়ামালকে আনফলো করে দিয়েছেন এবং তাঁদের সম্পর্কের বিচ্ছেদ ঘটেছে। তবে এক্স-এর অন্য এক ব্যবহারকারী ইনেসের প্রোফাইলের স্ক্রিনশট শেয়ার করে দেখান যে, ইনেস এখনো ইয়ামালকে অনুসরণ করছেন।

এখানেই শেষ নয়, এক্স-এর একটি ফ্যান পেজ দাবি করে বসে যে ইনেস তাঁর টিকটক অ্যাকাউন্টে একটি ভিডিও বার্তার মাধ্যমে ইয়ামালের সাথে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। সেই পোস্টে দাবি করা হয়, ইনেস নাকি জানিয়েছেন ইয়ামাল বারবার অন্য মেয়েদের সাথে কথা বলেন এবং একের অধিকবার তাঁর সাথে প্রতারণা করেছেন। প্রতিবার ধরা পড়ার পর ক্ষমা চাইলেও আচরণের কোনো পরিবর্তন হয়নি, তাই তিনি এই সম্পর্ক থেকে বেরিয়ে আসছেন।

পরবর্তীতে জানা যায়, পোস্টটি শতভাগ মিথ্যা ছিল। ইনেস তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবা কোনো সাক্ষাৎকারে ইয়ামালের বিরুদ্ধে এমন কোনো মন্তব্য করেননি। এমনকি ইনেসের নাম ব্যবহার করে ভুয়া অ্যাকাউন্ট থেকে এমন অসত্য তথ্য না ছড়াতে সতর্কবার্তাও জারি করেন তিনি নিজেই।

২১ বছর বয়সী ইনফ্লুয়েন্সার ইনেস গার্সিয়ার সামাজিক যোগাযোগমাধ্যমে ফ্যাশন, স্কিনকেয়ার ও লাইফস্টাইল কনটেন্ট নির্মাতা হিসেবে বেশ পরিচিতি রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেই প্রথম পরিচয় হয়েছিল এই জুটির। দীর্ঘ দিন কথা বলার পর একে অপরকে সময় দিয়ে সম্পর্কের দিকে এগোন তাঁরা।

ইয়ামাল দীর্ঘদিন নিজের এই সম্পর্ক গোপন রাখলেও গত মে মাসে বার্সেলোনার মৌসুম শেষের নৈশভোজে প্রথমবারের মতো ইনেসকে সাথে নিয়ে প্রকাশ্যে আসেন। ২০২৬ বিশ্বকাপে স্পেনের প্রতিটি ম্যাচেই ইয়ামালের ১৯ নম্বর জার্সি পরে গ্যালারিতে উপস্থিত থেকে সমর্থন জুগিয়েছেন ইনেস। ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে স্পেনের শিরোপা জয়ের পর মাঠে নেমে ইয়ামালের সাথে ট্রফি উঁচিয়ে আবেঘন মুহূর্তে উদযাপনেও অংশ নেন তিনি।

বর্তমানে ক্যারিয়ারের সুবর্ণ সময়ে থাকা ইয়ামালের মতো তরুণ তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি এমন অপপ্রচার আধুনিক ক্রীড়া বিশ্বের জন্য নতুন এক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading