ছাত্র আন্দোলন অ্যাকাডেমিক শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ: জোনায়েদ সাকি

ছাত্র আন্দোলন অ্যাকাডেমিক শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ: জোনায়েদ সাকি

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, আপডেট ১৪:২৩

যতক্ষণ আমরা গণতান্ত্রিক রাজনৈতিক বাস্তবতায় থাকবো শিক্ষা আন্দোলন বা ছাত্র আন্দোলন অ্যাকাডেমিক শিক্ষার অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি।

শুক্রবার (১৪ আগস্ট) বেলা সাড়ে ১১টায় ঢাকা শহীদ আ. ন. ম. নজীব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটির উদ্যোগে আয়োজিত ৫ম জাতীয় বিতর্ক উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, শিক্ষা আন্দোলন বা ছাত্র আন্দোলন আমাদের অ্যাকাডেমিক শিক্ষার অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। যতক্ষণ দখলদারিত্ব, অন্যের অধিকার হরণ এ সমস্ত তৎপরতার বিরুদ্ধে লড়াই করে গণতান্ত্রিক রাজনৈতিক বাস্তবতায় থাকবো। ছাত্র আন্দোলনকে বাইরে থেকে নেতিবাচকভাবে দেখার কিছু নেই।

তিনি বলেন, অন্যের প্রতি বিবেচনাবোধ একজন মানুষকে আরেকজন মানুষ থেকে আলাদা করে। অন্যের প্রতি বিবেচনা বোধ আছে বলেই মানুষ ফুঁসে উঠে, বিদ্রোহ করে, ঐক্যবদ্ধ হয় এবং জীবন দিতে প্রস্তুত থাকে।

ঢাকা কলেজের পরিবর্তন দরকার উল্লেখ করে জোনায়েদ সাকি বলেন, ঢাকা কলেজের চেহারার দিকে তাকালে মনে হয় এটা ঐতিহ্যবাহী কলেজ। বিগত সময়ে কলেজের চেহারা আমরা যেভাবে দেখে গেছি প্রায় সেরকম এখনো আছে। এখন দেখে মনে হয় কলেজের পরিবর্তন দরকার। ঢাকা কলেজের ক্যাম্পাসে যতটুকু জায়গা আছে তার মাস্টার প্ল্যান তৈরি করে উন্নয়ন করা হবে বলে জানান তিনি।

জুলাই গণঅভ্যুত্থানে তরুণদের আত্মত্যাগের কথা স্মরণ করে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, তরুণ প্রজন্ম ২০২৪ সালে বড় ইতিহাস সৃষ্টি করেছে। আন্দোলনে এত আত্মত্যাগ, রক্ত এবং হাজার হাজার তরুণ এখনো নিজের শরীরে ক্ষত বয়ে চলেছে। কেউ চোখ দিয়ে দেখতে পারে না, কেউ সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছেন। জুলাই আন্দোলনে অন্যের প্রতি বিবেচনা বোধ এত বেশি সম্প্রসারিত হয়েছে যে, নিজের জীবন তুচ্ছ করে অন্যের মর্যাদার জন্য আত্মত্যাগ করেছে।

তিনি আরও বলেন, ইতিহাসে ছাত্ররা যখন আক্রান্ত হয়েছে এবং তাদের মর্যাদা আঘাত করা হয়েছে তারা বড় প্রতিবাদ করেছে। জমিনটা প্রস্তুত ছিল, সারাদেশে ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে মানুষের ঐক্য ছিল। ছাত্রদের প্রতিবাদ, তাদের অপমানবোধ, তাদের বিদ্রোহ সারা দেশের মানুষকে জ্বালিয়ে দিয়েছে এবং ঐক্যবদ্ধ করেছে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading