কলকাতায় হোটেলের আগুনে সাতক্ষীরার ২ জন নিহত
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, আপডেট ১২:২৬
মঙ্গলবার দিবাগত রাত ২টায় কলকাতায় একটি হোটেলে অগ্নিকাণ্ডে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দুই জন নিহত হয়েছেন। নিহতরা হলেন আলিমুজ্জামান সাজু (৪৫) ও রেবাতি সরকার।
বুধবার (১৯ আগস্ট) রাতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার খালাতো ভাই অ্যাড. তানভীর আহম্মেদ।
নিহত আলিমুজ্জামান সাজু কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া গ্রামের মৃত ইউনুচ সরদারের ছেলে। তিনি পেশায় ঘের ব্যবসায়ী ছিলেন। অপর নিহত রেবাতি সরকারও কালিগঞ্জ উপজেলার বাসিন্দা বলে জানা গেলেও তার বিষয়ে বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নিহত মো. আলিমুজ্জামান (সাজু) সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্র-যুবলীগ নেতা।
আলিমুজ্জামান সাতক্ষীরা শহরের পলাশপোল (সেটেলমেন্ট অফিসের পাশে) এলাকার স্থায়ী বাসিন্দা এবং কালীগঞ্জ উপজেলার তারালি ইউনিয়নের বরেয়া গ্রামের মো. ইউনুস আলী সরদারের ছেলে। এছাড়া তিনি সাতক্ষীরার বিশিষ্ট ব্যবসায়ী একে ট্রাভেলস স্বত্বাধিকারী তাহমিদ শাহেদ চয়নের খালাতো ভাই।
জানা গেছে, কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় আলিমুজ্জামান গুরুতর দগ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সাজুর নিকটাত্মীয় মোখলেছুর রহমান পল্টু জানান, কোমরের ব্যথার চিকিৎসা করাতে প্রায় পাঁচ-ছয় দিন আগে ইন্ডিয়ায় যান সাজু। বুধবার তার বাড়ি ফেরার কথা ছিল। তবে রাত ১০টার দিকে পরিবারের কাছে খবর আসে, কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডে তিনি মারা গেছেন।
প্রতিবেশী হাফিজুর রহমান হাফিজ বলেন, প্রায় সাত-আট বছর আগে হজ করে আসার পর সাজু বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এলাকায় তিনি সৎ ও ভালো মানুষ হিসেবে পরিচিত ছিলেন। এক বছর আগে তার মা মারা যান। বাবাও আগেই মারা গেছেন। চার ভাইয়ের মধ্যে সাজু ছিলেন সবার ছোট। তার মেঝো ভাই রাজু সরদারও মারা গেছেন। বর্তমানে বড় ভাই সাহেব সরদার ও সেঝো ভাই উজ্জ্বল সরদার জীবিত আছেন।
কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডে কয়েকজন বাংলাদেশি নাগরিকের প্রাণহানির খবর পাওয়া গেছে। খবর পাওয়ার পরপরই উপ-হাইকমিশনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের বিষয়ে তথ্য সংগ্রহের চেষ্টা করেন।
এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ২টার দিকে ওই হোটেলে আগুন লাগে। এতে মোট নয়জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ছয়জন পুরুষ, দুজন নারী ও একটি শিশু রয়েছে। হোটেলটিতে ২৫ জন বাংলাদেশি নাগরিক অবস্থান করছিলেন বলে জানা গেছে।
নিহত বাংলাদেশিদের মধ্যে কুষ্টিয়ার একই পরিবারের চারজন, ঢাকার সাভারের আমিনবাজার এলাকার একজন এবং সাতক্ষীরার দুইজন রয়েছেন। নিহত অপর দুজন ইন্ডিয়ান নাগরিক।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখা জানিয়েছে, ঘটনাটি জানার পর নিহতদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।
ইউডি/রেজা

