বিএনপির বাইরেও ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, আপডেট ২১:০০
দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদের অধিবেশন কক্ষে সংসদ সদস্যদের সরাসরি ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন বিএনপি জোটের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রদত্ত ৩৪৩ ভোটের মধ্যে তিনি পেয়েছেন ২৫৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। নির্বাচনি ফলাফলের গেজেট প্রকাশের পর শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেবেন মির্জা ফখরুল।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচনি কর্তা এ এম এম নাসির উদ্দিন ফল ঘোষণা করেন।
সিইসি জানান, নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৪৯ জন। এর মধ্যে ৩৪৩ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট এবং অলি আহমদ ৮৮ ভোট পেয়েছেন। প্রাপ্ত ভোটের ফল অনুযায়ী, মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান সিইসি।
সিইসির ঘোষণার সঙ্গে সঙ্গে নবনির্বাচিত রাষ্ট্রপতি দাঁড়িয়ে হাত নেড়ে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় সরকারদলীয় সংসদ সদস্যরা করতালি দিয়ে ও টেবিল চাপড়ে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী তারেক রহমান পাশের আসনে থাকা বিজয়ী প্রার্থী মির্জা ফখরুলের সঙ্গে করমর্দন করেন এবং লাল গোলাপ দিয়ে অভিনন্দন জানান। এরপর বিরোধীদলীয় নেতাসহ অন্যরা নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে হাত মিলিয়ে আনুষ্ঠানিক অভিনন্দন জানান। পরে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতাকে কোলাকুলি করতেও দেখা যায়। রাষ্ট্রপতি সংসদ সদস্যদের সঙ্গে ফটো সেশনে অংশ নেন।
ইউডি/এবি

