প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে আবারও সিজেপির আন্দোলনের হুঁশিয়ারি

প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে আবারও সিজেপির আন্দোলনের হুঁশিয়ারি

উত্তরদক্ষিণ। সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, আপডেট ১৭:৫৯

গত জুলাই মাসে যন্তর মন্তরে আন্দোলনের সময় ইন্ডিয়ার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা বাস্তবায়ন না হলে ফের প্রতিবাদ কর্মসূচির ডাক দেবে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। রবিবার এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দিয়েছেন সিজেপির নেতারা।

বিবৃতিতে তারা জানান, ইন্ডিয়ার যুবসমাজকে যে প্রতিশ্রুতি নরেন্দ্র মোদি সরকার দিয়েছিল, তার মর্যাদা দিতে হবে। এই নিয়ে সোমবার ঘোষণা করা হবে বলেও জানিয়েছে অভিজিৎ দীপকে’র দল।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে, রবিবারের বিবৃতিতে সিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, ‘শান্তিপূর্ণ আন্দোলনে ইতি টানার জন্য এই সরকার প্রতিশ্রুতি দিয়েছিল। এবার সেই আন্দোলন শেষ হতেই সরকার প্রতিশ্রুতি পালন না করে গোটা যুবসমাজকে যে অপমান করছে, আমরা তা হতে দেব না। ইন্ডিয়ার যুবসমাজকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা পূরণ করতেই হবে।’

সিজেপির আরও দাবি, আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার নিয়েও সরকার যথাযথ পদক্ষেপ নেয়নি। আদালত বার বার বলা সত্ত্বেও কোনো তালিকা দেয়নি। বিবৃতিতে বলা হয়েছে, প্রতিশ্রুতি পূরণ থেকে বার বার পিছিয়ে যাওয়া, কোনও রকম ঢিলেমি, অসম্মান করাকে ‘দেশের যুবসমাজের সঙ্গে বিশ্বাসঘাতকতা’ বলেই ধরে নেবে সিজেপি।

এ ছাড়া সমন্বিত মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার (নিট) প্রশ্নফাঁস কেলেঙ্কারির কারণে যেসব পরীক্ষার্থী আত্মঘাতী হয়েছিলেন, তাদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার ব্যাপারেও কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়েছে বিবৃতিতে।

অবিলম্বে এসব দাবি পূরণ না হলে ফের পথে নামার হুঁশিয়ারি দিয়েছে ককরোচ জনতা পার্টি। আসন্ন সেই আন্দোলনের জন্য দেশবাসী, যুবসমাজকে ‘প্রস্তুত’ থাকতেও বলেছে সিজেপি।

রবিবারের বিবৃতিতে বলা হয়েছে, ‘আমাদের প্রতিবাদের ফলে ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন। তবে যতক্ষণ না যুবসমাজকে দেওয়া প্রতিশ্রুতিগুলির প্রত্যেকটি পূরণ করা হবে, ততক্ষণ আমরা বসব না।’

এর আগে যন্তর মন্তরে প্রায় একমাসব্যাপী আন্দোলন করেছিল সিজেপি। তাদের দাবি ছিল, নিট কেলেঙ্কারির দায় নিয়ে ধর্মেন্দ্রকে ইস্তফা দিতে হবে। ২৫ জুলাই তার ইস্তফার পরে সেই আন্দোলন শেষ হয়েছিল।

গত ১৫ অগস্ট, স্বাধীনতা দিবস থেকে ‘স্কুল ঠিক করো’ কর্মসূচি শুরু করে সিজেপি। গ্রামীণ সরকারি স্কুলের পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে তাদের এই কর্মসূচি। সেই দিন দীপকে তার নিজের গ্রাম মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলার সন্তুক পিম্পরিতে এই কর্মসূচির ঘোষণা করেছিলেন। তার পরে লাতুরের সরকারি স্কুলে অনুমতি ছাড়া প্রবেশের জন্য দীপকের বিরুদ্ধে মামলা হয়েছে। এবার সিজেপির দাবি, কেন্দ্রের দেওয়া প্রতিশ্রুতি পূরণ না হলে ফের পথে নামবে তারা।

সূত্র: হিন্দুস্তান টাইমস

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading