ইরান আমার এক ছেলেকে হত্যার চেষ্টা করেছিল: নেতানিয়াহু

ইরান আমার এক ছেলেকে হত্যার চেষ্টা করেছিল: নেতানিয়াহু

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, আপডেট ১৯:৩৫

ইরান তার এক ছেলেকে হত্যার চেষ্টা করেছিল বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে কথিত এই ষড়যন্ত্রটি কখন বা কোথায় হয়েছিল কিংবা তার দুই ছেলের মধ্যে কাকে লক্ষ্যবস্তু করা হয়েছিল, সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেননি তিনি। সোমবার (২৪ আগস্ট) ইরানবিরোধী সামরিক সংঘাত এবং অক্টোবরের সাধারণ নির্বাচনের আগে জনমত জরিপে নিজ জোট পিছিয়ে থাকার মধ্যে এই চাঞ্চল্যকর দাবি করেন নেতানিয়াহু।

ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ডানপন্থি ও সরকারঘনিষ্ঠ হিসেবে পরিচিত চ্যানেল ১৪-কে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে নেতানিয়াহু এ দাবি করেন। তিনি বলেন, ইরান তার এক ছেলেকে লক্ষ্যবস্তু বানিয়েছিল এবং তাকে হত্যার চেষ্টা করেছিল। তবে এ বিষয়ে

কোনো প্রমাণ বা ঘটনার বিস্তারিত বিবরণ প্রকাশ করেননি ইসরায়েলি প্রধানমন্ত্রী।
আসন্ন নির্বাচনে পরবর্তী প্রধানমন্ত্রী পদের প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে থাকা সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটকে নিরাপত্তা দিতে একটি ইসরায়েলি সংস্থার অস্বীকৃতির খবর নিয়েও কথা বলেন নেতানিয়াহু। তিনি আইজেনকোটের নিরাপত্তার পক্ষে সমর্থন জানিয়ে বলেন, এই নিরাপত্তা কোনো বিলাসিতা নয়। তা না থাকলে ইরানিরা সফল হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। ইসরায়েলি প্রধানমন্ত্রীর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। চলতি বছরের জুলাইয়ে নিরাপত্তাজনিত উদ্বেগে তার স্ত্রী ও দুই ছেলেকে বাড়তি নিরাপত্তা দেওয়া হয়।

নেতানিয়াহুর বড় ছেলে ৩৫ বছর বয়সী ইয়ার নেতানিয়াহু ২০২৪ সালের শুরু থেকে আমেরিকার মিয়ামিতে অবস্থান করছেন। সরকারি খরচে তার নিরাপত্তা নিয়ে ইসরায়েলে আগে থেকেই রাজনৈতিক বিতর্ক রয়েছে। এদিকে আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের কয়েকজন সদস্য নিহত হওয়ার পর খামেনির ছেলে মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মনোনীত করা হয়েছে। তিনি বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading