ডেঙ্গুতে যবিপ্রবির শিক্ষার্থী আদিবার মৃত্যু

ডেঙ্গুতে যবিপ্রবির শিক্ষার্থী আদিবার মৃত্যু

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, আপডেট ১৩:৪৭

গত ১৩ আগস্ট অসুস্থ হয়ে পড়লে আদিবাকে প্রথমে যশোরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে ১৬ আগস্ট উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। এরপর ঢাকার দুটি ভিন্ন হাসপাতালে ১৬ থেকে ২৪ আগস্ট পর্যন্ত আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আদিবার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার সহপাঠী ও যবিপ্রবির বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে আদিবাকে স্মরণ করে আবেগঘন নানা পোস্ট দেন তারা।

সিডিএম বিভাগের সহকারী অধ্যাপক হাসান মোঃ নাভিদ আনজুম বলেন, “আমাদের বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী আদিবা সাহা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আজ রাত ৯টা ২৪ মিনিটে মৃত্যুবরণ করেছে। তার চিকিৎসায় রক্তদাতা ও আর্থিকভাবে যারা সহযোগিতা করে পাশে ছিলেন, সিডিএম পরিবারের পক্ষ থেকে তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আদিবার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

আদিবার বিভাগের এক বড় ভাই মো. সজীব সরকার বলেন, “আদিবার এমন অকাল মৃত্যু আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক ও মর্মান্তিক। মাত্র ২১ বছর বয়সে এভাবে চলে যাবে, এটা আমরা কেউই মেনে নিতে পারছি না। সে ছিল অত্যন্ত প্রাণবন্ত ও সম্ভাবনাময় একজন শিক্ষার্থী। একজন ছোট বোনের মতো তাকে হারানোর শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়। আমরা আদিবার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

এদিকে, আদিবার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে যবিপ্রবির সিডিএম বিভাগ। বিভাগের পক্ষ থেকে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading