জ্বালানি সংকটে জনগণের দুর্ভোগে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর
উত্তরদক্ষিণ। শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬, আপডেট ২০:৩০
চলমান জ্বালানি সংকটে দেশের মানুষের দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সংকট সমাধানে সরকারের নেওয়া কর্মপরিকল্পনা বাস্তবায়নে সময় লাগবে জানিয়ে ভবিষ্যতে যাতে এ ধরনের পরিস্থিতি আর তৈরি না হয়, সে বিষয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘এ মুহূর্তে দেশে বড় সমস্যা জ্বালানির সমস্যা। সমস্যা সমাধানে কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বাস্তবায়ন হতে কিছু সময় লাগবে। ভবিষ্যতে যেন কোনো সংকট তৈরি না হয়, সে ব্যাপারে জোর দেওয়া হয়েছে।’
তারেক রহমান বলেন, পলাতক স্বৈরাচারের রেখে যাওয়া ভঙ্গুর জ্বালানি ব্যবস্থা এবং অন্তর্বর্তীকালীন সরকারের ভুল সিদ্ধান্তের কারণে বর্তমান সংকট তৈরি হয়েছে। এসব সমস্যা সমাধানে সরকার কাজ করছে।
প্রধানমন্ত্রী বলেন, স্বৈরাচারই হোক অথবা অন্তর্বর্তী সরকারেরই সৃষ্ট সমস্যা হোক—সেগুলো সমাধানের চেষ্টা চলছে। সংকটকে কেন্দ্র করে কেউ যাতে বিভ্রান্তি ছড়াতে বা অরাজকতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
জ্বালানি সংকট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সমস্যা সমাধানের পাশাপাশি ভবিষ্যতে যেন গ্যাস-বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে একই ধরনের সংকট তৈরি না হয়, সে বিষয়েও সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে। এজন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে এবং তা বাস্তবায়নের ওপর জোর দেওয়া হচ্ছে।
প্রধামনন্ত্রী বলেন, দেশের মানুষের কষ্টের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। সংকট কাটিয়ে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
ইউডি/এবি

