ইলিশ শিকারের অভিযোগে ২ পুলিশ আটক
রোববার পটুয়াখালীর তেঁতুলিয়া নদীর ধুলিয়া পয়েন্টে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ এই আভিযান চালায়।
আটক দুই পুলিশ সদস্য হলেন বরিশাল বন্দর থানার মো. জুলফিকার ও মোহাম্মদ আলী। চার জেলের নাম পরিচয় পাওয়া যায়নি।
জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালে বাউফল উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য বিভাগ এবং নৌ পুলিশ সদস্যদের সমন্বয়ে একটি দল নদীতে অভিযানে যায়।
“তেঁতুলিয়া নদীর ধূলিয়া পয়েন্টে ইলিশ ধরার সময় একটি ট্রলার আটক করা হয়। ওই ট্রলার থেকে বরিশাল বন্দর থানার কনস্টেবল মো. জুলফিকার ও কনস্টেবল মোহাম্মদ আলী এবং চার জেলেকে আটক করা হয়।”
অভিযানের সময় দুটি স্পিড বোটসহ অন্যরা পালিয়ে যায় বলে তিনি জানান।
মৎস্য কর্মকর্তা জানান, আটক দুই পুলিশ সদস্যকে বরিশাল বন্দর পুলিশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে এবং এ বিষয়ে তারাই আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
বরিশাল বন্দর থানার ওসি মো. আনোয়ার হোসেন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার থানায় জুলফিকার ও মোহাম্মদ আলী নামের দুই পুলিশ কনস্টেবল কর্মরত আছেন। তবে তারা আটক হয়েছেন কিনা জানা নেই।
এ বিষয়ে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা পিযুষ চন্দ্র দে-এর সরকারি মোবাইল ফোন নম্বরে যোগাযোগ করে পাওয়া যায়নি।

