ঢাকা ও চট্টগ্রাম থেকে মদিনার ফ্লাইট চালু হচ্ছে
বিমানের জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার জানান, আগামী সোমবার ঢাকা- মদিনা-ঢাকা এবং বৃহস্পতিবার চট্টগ্রাম-মদিনা-চট্টগ্রাম ফ্লাইট চলাচল শুরু হতে যাচ্ছে।
প্রাথমিকভাবে সপ্তাহে তিন দিন; সোম, বুধ ও শনিবার ঢাকা-মদিনা-ঢাকা ফ্লাইট এবং প্রতি বৃহস্পতিবার চট্টগ্রাম-মদিনা-চট্টগ্রাম ফ্লাইট পরিচালিত হবে।
বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুর ১টা ১৫ মিনিটে ফ্লাইটটি ছেড়ে স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টায় মদিনা বিমানবন্দরে পৌঁছাবে।
অপরদিকে মদিনার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ফ্লাইট ছেড়ে পরদিন ভোর ৪টা ২৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে। একই সিডিউলে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে চট্টগ্রাম-মদিনা ফ্লাইটটি পরিচালিত হবে।
মদিনা ফ্লাইট উদ্বোধন উপলক্ষে উভয় রুটের যাত্রীদের জন্য ১৫ শতাংশ ছাড়ে টিকেট বিক্রি করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকা-মদিনা-ঢাকা রুটে ইকোনমি ক্লাসের রিটার্ন টিকিটের ক্ষেত্রে সব ধরনের ট্যাক্স ছাড়া সর্বনিম্ন ভাড়া ৬০৫ মার্কিন ডলার এবং চট্টগ্রাম-মদিনা-চট্টগ্রাম রুটে ইকোনমি ক্লাসের রিটার্ন টিকিটের সর্বনিম্ন ভাড়া ৬২২ ডলার নির্ধারণ করা হয়েছে।
২৭১ আসনের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজ দিয়ে এই রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করবে বিমান।

