খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি ঘটেনি : চিকিত্সক
উত্তরদক্ষিণ মূদ্রিত সংস্করন ২৯ অক্টোবর ২০১৯ প্রকাশ ০০:০১ আপডেট ১০:২০
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। গত সাত মাসে তার স্বাস্থ্যের কোনও অবনতি ঘটেনি বলে দাবি করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালের (বিএসএমএমইউ) পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক। গতকাল সোমবার (২৮ অক্টোবর) দুপুর দেড়টার দিকে বিএসএমএমইউ’র মিল্টন হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এই দাবি করেন।
ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক বলেন, ‘খালেদা জিয়া আমাদের হাসপাতালে গত সাত মাস যাবত্ চিকিত্সা নিচ্ছেন। তার ডায়াবেটিস ও হাইপার টেনশন তো আছেই। একটি শক্তিশালী মেডিক্যাল বোর্ড গঠন করে প্রতিনিয়ত তার চিকিত্সা চলছে। এই বোর্ডে চিকিত্সকরা প্রতিদিন তার ব্লাড প্রেশার, ডায়াবেটিসসহ নানা ধরনের পরীক্ষা করে আসছেন।’ খালেদা জিয়ার চিকিত্সার জন্য গঠিত চিকিত্সা বোর্ডের প্রধান অধ্যাপক জিলন মিয়া সরকার সংবাদ সম্মেলনে বলেন, ‘খালেদা জিয়া খুবই আন্তরিক। সব সময় আমাদের সঙ্গে হাসি-খুশিভাবে কথা বলেন। তার স্বাস্থ্য বিষয়ে জানতে চাইলে তিনি স্বাচ্ছন্দ্যে আমাদের বলেন। ‘অধ্যাপক জিলন মিয়া আরও বলেন, ‘তার বাত জনিত সমস্যা (ব্যথা) সহ ছোটখাটো আরও সমস্যা আছে। তিনটি ভ্যাকসিন দেওয়ার জন্য গত বুধবার তাকে জানানো হয়েছে। কিন্তু তিনি এই ভ্যাকসিনগুলো দিতে রাজি হচ্ছেন না। আশা করি, তিনি ভ্যাকসিনগুলো দিতে রাজি হবেন।’ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জীবন-মৃত্যু আল্লাহ হাতে। তবে খালেদা জিয়ার জীবনহানির আশঙ্কা আমরা কখনও করি না। আমরা তাকে দেখছি, তার চিকিত্সার বিষয়ে বিন্দুমাত্র কার্পণ্য করছি না। আমরা সব ইথিক্স মেনে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে নিয়মিত তাকে দেখছি।’ সংবাদ সম্মেলনে চিকিত্সার বোর্ডের অন্য চিকিত্সকরাও উপস্থিত ছিলেন।

