তিন ম্যাচ নিষিদ্ধ রিবেরি
উত্তরদক্ষিণ মূদ্রিত সংস্করন ৩০ অক্টোবর ২০১৯ প্রকাশ ০০:০১ আপডেট ১০:৫৫
সহকারী রেফারির সঙ্গে দুর্ব্যবহার করে নির্বাসিত হলেন ফিওরেন্তিনার অভিজ্ঞ উইঙ্গার ফ্র্যাঙ্ক রিবেরি। ফলে সিরি-এ’র পরবর্তী তিনটি ম্যাচে মাঠে নামতে পারবেন না ফরাসি তারকা। রবিবার (২৭ অক্টোবর) লাজিওর কাছে ১-২ গোলে হারের পর সাইডলাইনে সহকারী রেফারিকে ধাকা দেন রিবেরি। একবার নয়, তিনি দু-দুবার এমন আপত্তিজনক ব্যবহার করেন সরকারি রেফারির সঙ্গে। পরে সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চেয়ে নিলেও, শাস্তির খাড়া এড়াতে পারেননি রিবেরি। ঘটনার সঙ্গে সঙ্গেই রিবেরিকে লাল কার্ড দেখানো হয়। পরে টুর্নামেন্টের শৃঙ্খলা রক্ষা কমিটি ফিওরেন্তিনার ফরাসি তারকাকে তিন ম্যাচের জন্য নির্বাসিত করার সিদ্ধান্ত নেয়। সেই সঙ্গে ২৯ হাজার ইউরো জরিমানাও করা হয়েছে রিবেরিকে। টুর্নামেন্ট কমিটির তরফে ঘটনাটিকে অত্যন্ত অসম্মানজনক ব্যবহার বলে বর্ণনা করা হয়েছে। ম্যাচে দু’দলই রেফারির বেশ কয়েকটি সিদ্ধান্তে অখুশি প্রকাশ করে। তবে রিবেরি মেজাজ হারান তাকে পরিবর্তে হিসেবে শেষ ১৫ মিনিটের জন্য মাঠে নামানো পরে দলের হার হজম করতে হওয়ায়।
সোশ্যাল মিডিয়ায় দুঃখ প্রকাশ করে রিবেরি জানান, ‘গত রাতের ঘটনার জন্য আমি সত্যিই অত্যন্ত দুঃখিত। আমার কোচ, সতীর্থ, ক্লাব ও সমর্থকদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ক্ষমা চাইছি মিস্টার পাসেরির (সহকারী রেফারি) কাছেও। ম্যাচের শেষ বাঁশি বাজার পর আমি অত্যন্ত হতাশ ছিলাম। আশা করি উনি আমার মানসিক অবস্থা বুঝতে পারেছেন।’ পরক্ষণে তিনি আরও জানান, ‘আমি সবসময় দলের জয়ের জন্য সতীর্থদের সহযোগিতা করতে চাই। অন্যান্য ক্লাবকে যতটা গুরুত্ব দেওয়া হয়, আমি চাই ফিওরেন্তিনাকেও ঠিক ততটাই গুরুত্ব দেওয়া হোক। কারণ, ক্লাবের জন্য প্রতিদিন আমাদের প্রচুর পরিশ্রম করতে হয়।’ রিবেরি সিরি-এ’র পরের তিনটি ম্যাচে যথাক্রমে সাসৌলো, পারমা ও কাগলিয়ারির বিরুদ্ধে মাঠে নামতে পারবেন না।

