সাদেক হোসেন খোকা’র স্বাস্থ্যের অবনতি, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে
উত্তরদক্ষিণ অনলাইন । শুক্রবার, ০১ নভেম্বর ২০১৯ । ১১ঃ৫৯ । আপডেট ২০ঃ০৫
বিএনপি নেতা ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকা’র স্বাস্থ্যের মারাত্মক অবনতি ঘটেছে।তিনি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তিনি বর্তমানে আমেরিকার একটি হাসপাতালে চিকিতসাধীন রয়েছেন। একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা বর্তমানে নিউইয়র্কের ম্যানহাটনের মেমোরিয়াল স্লোন ক্যাটারিং ক্যানসার সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিতসার সঙ্গে সংশ্লিষ্ট ডাক্তাররা খোকার শারীরিক অবস্থার উন্নতির সম্ভাবনা দেখছেন না।
হাসপাতালে খোকার পাশে আছেন তাঁর স্ত্রী ইসমত হোসেন, মেয়ে সারিকা সাদেক, ছেলে ইশফাক হোসেন ও ইশরাক হোসেন রয়েছেন। এ ছাড়াও আমেরিকায় বসবাসরত নিকটজন ও বিএনপির নেতাকর্মীদের অনেকেই সার্বক্ষণিক হাসপাতালে যোগাযোগ রেখেছেন।
পারিবারিক সুত্রে জানা যায়, খোকার ফুসফুসের অধিকাংশ জায়গায় ক্যানসার ছড়িয়ে পড়েছে। চিকিতসক টিম আশা ছেড়ে দিয়েছেন। তার শারীরিক অবস্থা অবনতিশীল। সাবেক মেয়রের ছেলে ইশরাক গণমাধ্যমকে জানিয়েছেন, তার বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়লে গত ১৮ অক্টোবর হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। এখন অক্সিজেন দিয়ে তাঁর বাবাকে বাঁচিয়ে রাখা হয়েছে। লোকজন এলে কাউকে কখনো কখনো তিনি চিনতে পারছেন বলে মনে হচ্ছে। গত কয়েক দিন থেকে তাঁর চোখ দিয়ে অনবরত পানি ঝরছে
বিএনপি ও পরিবারের পক্ষ থেকে খোকার সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
দেশের টালমাটাল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে ২০১৪ সালের ১৪ মে সাদেক হোসেন খোকা সপরিবারে নিউইয়র্কে যান। পরবর্তাতীতে জানা যায়, তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে সেখানে চিকিতসা গ্রহণ করছেন। এরপর তিনি আর দেশে ফিরে আসেননি। গত ৫ বছর তিনি আমেরিকার নিউইয়র্ক সিটির কুইন্সে রয়েছেন।

