ক্ষমতাসীনদের সর্বস্তর দুর্নীতিতে ছেয়ে গেছে: মওদুদ

ক্ষমতাসীনদের সর্বস্তর দুর্নীতিতে ছেয়ে গেছে: মওদুদ

উত্তরদক্ষিণ অনলাইন । ১ নভেম্বর ২০১৯ । ১৯ঃ১০

ক্ষমতাসীনদের সর্বস্তর দুর্নীতিতে এমনভাবে ছেয়ে গেছে যে এই দুর্নীতির ভারেই সরকারের পতন হবে বলে মন্তব্য করেছেন মওদুদ আহমদ। আজ শুক্রবার দুপুরে রাজধানীতে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত এক সভায় নেতা-কর্মীদের আশ্বস্ত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য একথা বলেন।

মওদুদ বলেন, হতাশ হওয়ার কোনো কারণ নেই। কখন, কোন মুহূর্তে কি বিষয় নিয়ে বিস্ফোরণ ঘটবে তা কারো পক্ষে বলা সম্ভব না। এই সরকারের পতন এখন সময়ের ব্যাপার। নিজেদের দুর্নীতির ভারেই তাদের পতন হবে। “কারণ তাদের প্রত্যেকটি অঙ্গ-প্রত্যঙ্গে, শাখা-প্রশাখায় এমন দুর্নীতি প্রবেশ করে গেছে, এতো গভীরে যে, এখান থেকে উদ্ধার করা তাদের পক্ষে সম্ভবপর হবে না।” ‘দুর্নীতির বিরুদ্ধে’ চলমান অভিযানকে ‘আইওয়াশ’ আখ্যা দিয়ে তিনি বলেন, সত্যিকার অর্থে তারা দুর্নীতি দমন করতে পারবে না। এটা নিয়ে সরকার সিরিয়াস হলে শুধু যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ নয় সব মন্ত্রী ও এমপির সম্পদের হিসাব জনগণের সামনে প্রকাশ করত।

দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে কারাবন্দী খালেদা জিয়া ‘সরকারের হস্তক্ষেপের কারণে জামিন পাচ্ছেন না’ বলে বরাবরের মতোই অভিযোগ করেন সাবেক আইনমন্ত্রী।নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “হতাশ হওয়ার কারণ নাই। আমাদের নেত্রী মুক্তি পাবেন, দেশে গণতন্ত্র ফিরে আসবে, আইনের শাসন ফিরে আসবে, বিচার বিভাগের স্বাধীনতা ফিরে আসবে।”জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলের জাতীয়তাবাদী নবীন দলের সভাপতি হুমায়ুন আহমেদ তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ রানার পরিচালনায় খালেদা জিয়ার মুক্তির দাবিতে এ সভা হয়। এতে অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরী ও তাঁতী দলের কাজী মনিরুজ্জামান মুনির বক্তব্য দেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading