শিল্পকলায় সময়ের ভাগের মানুষ
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০২ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১৩:৫৩
আজ (২ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার মঞ্চস্থ হবে সময়ের আলোচিত নাটক ‘ভাগের মানুষ’। প্রখ্যাত কথাসাহিত্যিক সা’দত হাসান মান্টোর গল্প থেকে নাটকটি রচনা করেছেন নাট্যকার মান্নান হীরা। আর নির্দেশনা দিয়েছেন বিশিষ্ট অভিনেতা-নির্দেশক আলী যাকের। ১৯৪৭ সালের দেশ বিভাগের কয়েক বছর পরের ঘটনা-প্রবাহে আবৃত হয়েছে নাটকটি। নাট্যেকার তার নাটকের গল্পে ফুটিয়ে তুলেছেন উপমহাদেশের মানচিত্রে এক ঐতিহাসিক ঘটনা- ভারতবর্ষের বিভাজন। কেবলই মানচিত্রের বিভাজন নয়; এর সঙ্গে জড়িয়ে আছে লাখো কোটি মানুষের ভাগ্য সম্পদ সঞ্চয় ও প্রণয়ের নানা ঘটনা। উপমহাদেশ থেকে ইংরেজরা যখন তাদের তাবু গুটিয়ে নিতে বাধ্য হল, তখনই তাদের মধ্যে এক বড় সংশয় ছিল যে, এ মানুষেরা যদি আগামীতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মিলিতভাবে বেড়ে ওঠে তাহলে পৃথিবীর নানা সাম্রাজ্যের শক্তি হুমকির সম্মুখীন হবে। এ সংশয় থেকে শীর্ষস্থানীয় হিন্দু-মুসলিম নেতাদের নিয়ে ইন্ডিয়া বিভাজনের চক্রান্ত করে ইংরেজ। দেশ ভাগের পর দুই দেশের মধ্যে সঙ্গতভাবেই শাসকগোষ্ঠী নির্মাণ করে এক কারাগার। ভারতবর্ষের নানা পাগলা গারদে খবর পৌঁছে, সেখানকার হিন্দু পাগল ও মুসলমান পাগলদের নিজ নিজ দেশে পাঠিয়ে দেয়া হবে। অথচ হিন্দুস্তান ও পাকিস্তান নামের দেশ দুটি পাগলদের কাছে অপরিচিত। দুই দেশের সৈন্যরা স্বস্ব পতাকা হাতে দাঁড়ায় রাষ্ট্রের কানুন রক্ষা করতে। পাগল বিনিময়ের সময় মঞ্চে এক মেয়ে পাগল দাবি করে সে মুসলমান। কিন্তু বিয়ে হয় হিন্দুর সঙ্গে। তাহলে সে কোন দেশে যাবে। সে কি হিন্দু না মুসলমান তা তো বোঝা যায় না। এভাবেই মঞ্চে ঘটতে থাকে নানা কাহিনি। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন-পাভেল ইসলাম, আকতারুজ্জামান, রেজাউর রহমান রিজন, রিয়াজ মাহমুদ জুয়েল, ফখরুল ইসলাম মিঠু, মানসুরা রশীদ লাভলী, নাহিদ আহমেদ বিপ্লব, তোফায়েল সরকার, সুনিতা বড়ুয়া, মাকসুদুল বারী টিপু, দাউদ, আনোয়ার, মৌসুমী, মাসুম প্রমুখ।

