ভূপেন হাজারিকাকে নিয়ে শিল্পকলার আয়োজন
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৬ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৪০
উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ ভূপেন হাজারিকা। যার গানের প্রেমে পড়েনি এমনই লোক খুব কমই পাওয়া যাবে। এখনও মানুষের গলায় ভাসে তার গাওয়া ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য/একটু সহানুভূতি কী, মানুষ পেতে পারে না…’ গানটি। তিনি যেমন গায়ক ছিলেন, তেমনি ছিলেন সুরকার ও গীতিকার। সেই সঙ্গে পা রেখেছিলেন চলচ্চিত্রেও। গতকাল (৫ নভেম্বর) ছিল কীর্তিমান এই সঙ্গীতজনের অষ্টম প্রয়াণদিবস। ২০১১ সালের এইদিনে উপমহাদেশের এই পথিকৃত্ সঙ্গীতশিল্পী না ফেরার দেশে পাড়ি জমান। কিংবদন্তি ভূপেন হাজারিকা ১৯২৬ সালের ৮ সেপ্টেম্বর আসামের সদিয়ায় জন্মগ্রহণ করেন। ৮ম প্রয়াণ দিবস উপলক্ষ্যে তিন দিনব্যাপী শুরু হয়েছে ‘মোরা যাত্রী একই তরণীর’ শীর্ষক আলোচনা, সঙ্গীত ও নৃত্যানুষ্ঠান। এদিন বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে সন্ধ্যা ৬.৩০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও ব্যতিক্রম মাসডো, আসাম যৌথভাবে এই আয়োজন করেছে। অনুষ্ঠানে ইন্ডিয়া ও বাংলাদেশের শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠাতি হয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও আজ (৬ নভেম্বর) একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে সন্ধ্যা ৬.৩০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও অসম সাহিত্য সভা, আসাম যৌথভাবে আয়োজন করেছে আলোচনা, সংগীত, নৃত্য ও নাট্যানুষ্ঠান। আগামীকাল (৭ নভেম্বর) সন্ধ্যা ৭টায় একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও অসম সাহিত্য সভা, আসাম এর যৌথ আয়োজনে পরিবেশিত হবে অসম কলাতীর্থ ও এস বি মুভিজের নিবেদন, কমলারানির গল্প অবলম্বনে ড. পরমানন্দ রাজবংশী’র রচনা, প্রযোজনা ও পরিচালনায় অসমিয়া নাটক ‘কমলাকুঁয়ারীর সাধু’।

