জাতীয় চলচ্চিত্র পুরষ্কার – আজীবন সম্মাননায় চার তারকা

জাতীয় চলচ্চিত্র পুরষ্কার – আজীবন সম্মাননায় চার তারকা

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৯ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১২:০১

জাতীয় চলচ্চিত্র পুরষ্কার। বাংলাদেশে সর্বাপেক্ষা সম্মানীয় পুরস্কার এটি। এ পুরষ্কার নিয়ে অনেকদিন ধরেই শোবিজের বাতাসে চলছিল গুঞ্জন। সবারই প্রশ্ন, কে হচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরষ্কার বিজয়ী। আসতে থাকে বিভিন্ন শিল্পীদের নাম। অবশেষে গতকাল (৭ নভেম্বর) ঘোষিত হলো বহুল প্রতিক্ষিত জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকা। জানা গেল, বিগত দুই বছরে চলচ্চিত্রে সেরাদের নাম।

গতকাল ২০১৭ ও ২০১৮ সালের পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করে তথ্য মন্ত্রণালয়। ঘোষণা অনুযায়ী, আজীবন সম্মাননার তালিকায় ২০১৭ সালে রয়েছে শক্তিশালী অভিনেতা এটিএম শামসুজ্জামান ও চিত্রনায়িকা সুজাতার নাম। আর ২০১৮ সালের জন্য যৌথভাবে আজীবন সম্মাননা পাবেন প্রবীর মিত্র ও চিত্রনায়ক আলমগীর। ২০১৭ সালের সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ‘ঢাকা অ্যাটাক’। ২০১৮ সালের সেরা ছবি ‘পুত্র’। ‘হালদা’ ছবিতে অভিনয়ের জন্য ২০১৭ সালের সেরা অভিনেত্রী হয়েছেন নুসরাত ইমরোজ তিশা এবং ২০১৮ সালে ‘দেবী’ ছবিতে অভিনয় করার জন্য সেরা অভিনেত্রী হয়েছেন জয়া আহসান। ২০১৭ সালে যৌথভাবে সেরা নায়ক হয়েছেন ‘সত্তা’ ছবির জন্য শাকিব খান ও ‘ঢাকা অ্যাটাক’ ছবির জন্য আরিফিন শুভ। ২০১৮ সালে ‘পুত্র’ ছবি দিয়ে সেরা অভিনেতা হয়েছেন ফেরদৌস এবং ‘জান্নাত’ ছবি দিয়ে সেরা অভিনেতা সাইমন সাদিক। ‘গহীন বালুচর’ ছবির জন্য ২০১৭ সালের পরিচালক হিসেবে পুরস্কার জিতেছেন বদরুল আনাম সৌদ এবং ‘জান্নাত’ ছবির জন্য ২০১৮ সালের পরিচালক হিসেবে পুরস্কার জিতেছেন মোস্তাফিজুর রহমান মানিক। খল চরিত্রে সেরা অভিনেতা জাহিদ হাসান (২০১৭) ও সাদেক বাচ্চু (২০১৮)। পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা হয়েছেন শাহাদাত্ হোসেন (২০১৭) ও আলীরাজ (২০১৮)। ২০১৭ সালের সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার যৌথভাবে জিতেছেন সুবর্ণ মুস্তাফা ও রুনা খান। ২০১৮ সালে ‘মেঘকন্যা’ ছবিতে অভিনয় করে পার্শ্ব অভিনেত্রী হিসেবে স্বীকৃতি পাচ্ছেন অভিনেত্রী সুচরিতা।  ২০১৭ সালের ‘সত্তা’র ছবির ‘তোমার প্রেমে অন্ধ আমি’ শিরোনামে গানটির জন্য সেরা গায়ক নির্বাচিত হয়েছেন জেমস। ২০১৮ সালের ‘পুত্র’ ছবিতে গান গেয়ে সেরা গায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন নাইমুল ইসলাম রাতুল। ‘সত্তা’র ছবির ‘না জানি কোন অপরাধে’ গানটির জন্য সেরা গায়িকা মমতাজ এবং ২০১৮ সালে যৌথভাবে সেরা গায়িকা হয়েছেন সাবিনা ইয়াসমিন এবং আঁখি আলমগীর। ২০১৭ সালের ‘সত্তা’ সিনেমা জেমসের গাওয়া ‘না জানি কোন অপরাধে’ গানটির সুরকার হিসেবে বাপ্পা মজুমদার ও ২০১৮ সালের ‘একটি সিনেমার গল্প’ সিনেমামার ‘গল্প কথার ঐ’ গানটির জন্য পুরষ্কার পাচ্ছেন জন্য রুনা লায়লা। ২০১৭ সালের ‘সত্তা’র ছবির ‘না জানি কোন অপরাধে’ গানটির জন্য সেরা গীতিকার হয়েছেন সেজুল হোসেন। ২০১৮ সালে পুত্র ছবির ‘ভুলে মান অভিমান’ ও ‘একটি সিনেমার গল্প’ ছবির ‘গল্প কথার ঐ’ গানটির জন্য যৌথভাবে সেরা গীতিকার হয়েছেন কবির বকুল ও জুলফিকার রাসেল। শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে ‘বিশ্ব আঙ্গিনায় অমর একুশে’ (২০১৭) ও ‘রাজধিরাজ রাজ্জাক’ (২০১৮)। তবে ২০১৭ সালে শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে কেউ পুরষ্কার জিতেনি। ২০১৮ সালে শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে ‘গল্প সংক্ষেপ’। এছাড়াও রয়েছে: শ্রেষ্ঠ সংগীত পরিচালক, শ্রেষ্ঠ অভিনেতা/অভিনেত্রী কৌতুক চরিত্রে, শ্রেষ্ঠ শিশু শিল্পী, শিশু শিল্পী শাখায় বিশেষ পুরস্কার, শ্রেষ্ঠ কাহিনীকার, শ্রেষ্ঠ চিত্র নাট্যকার, শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা, শ্রেষ্ঠ সম্পাদক, শ্রেষ্ঠ শিল্প নির্দেশক, শ্রেষ্ঠ চিত্রগ্রাহক, শ্রেষ্ঠ শব্দগ্রাহক, শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা এবং শ্রেষ্ঠ মেকআপম্যানের পুরষ্কার।

২০১৭ ও ২০১৮ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য গঠিত জুরি বোর্ডে তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে (প্রশাসন ও চলচ্চিত্র) সভাপতি করা হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান সদস্য-সচিব হিসেবে এবং বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক, তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব (চলচ্চিত্র) ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ১৩ সদস্যবিশিষ্ট ২০১৭ সালের জুরি বোর্ডের অন্য সদস্যরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব টেলিভিশন ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফির চেয়ারম্যান অধ্যাপক শফিউল আলম ভূঁইয়া, একুশে টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মনজুরুল আহসান বুলবুল, চলচ্চিত্র অভিনেত্রী কোহিনুর আক্তার সুচন্দা, চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক এম এ আলমগীর, বাংলাদেশ চলচ্চিত্র সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, চিত্রগ্রাহক পংকজ পালিত ও সংগীত পরিচালক সুজেয় শ্যাম। ২০১৮ সালের জুরি বোর্ডের অন্য সদস্যরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব টেলিভিশন ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফির চেয়ারম্যান অধ্যাপক শফিউল আলম ভূঁইয়া, চলচ্চিত্র অভিনেতা ড. এনামুল হক, সংগীতশিল্পী ফকির আলমগীর, দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, গীতিকার ও সংগীত পরিচালক হাসান মতিউর রহমান, অভিনেত্রী রওশন আরা রোজিনা, বাংলাদেশ চলচ্চিত্র সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার ও বাংলাদেশ চলচ্চিত্র গ্রাহক সংস্থার যুগ্ম-মহাসচিব তপন আহমেদ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading