মঞ্চে আসছে নতুন নাটক কালিদাস
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৯ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১২:০৫
মঞ্চে আসছে ‘কালিদাস’ শিরোনামে নতুন নাটক। এটি প্রযোজনা করছেন থিয়েটার ৫২। আজ (৮ নভেম্বর) বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়িত হবে এর উদ্বোধনী প্রদর্শনী। অপূর্ব কুমার কুন্ডু রচিত এ নাটকটি নির্দেশনা দিয়েছেন জয়িতা মহলানবীশ। নাটকটির কাহিনি মহাকবি কালিদাসের জীবনকে আশ্রয় করে। মহামূর্খামির পরিচয় দিয়ে যে কালিদাস বসা ডালের গোড়া কাটে, পাঠশালা থেকে বিতাড়িত হয় সেই কালিদাসই খাদের কিনারা থেকে ঘুরে মহাকবি হয়ে রচনা করেন মহাকাব্য রঘুবংশ, কুমারসম্ভব, নাটক অভিজ্ঞান শকুন্তলাসহ অসংখ্য গীতিনাট্য। কালিদাসের জীবনে ধিক্কার, তাচ্ছিল্য প্রভৃতি ভত্সনার পাশাপাশি কীভাবে একের পর এক কাব্যসম্ভার রচনা করলেন এবং তার পরিণত বেলায় স্ত্রী বিদ্যাবতীকে সসম্মানে ফিরিয়ে দিলেন তা নিয়েই নাটক ‘কালিদাস’। ‘কালিদাস’ থিয়েটার ৫২ এর ৫ম প্রযোজনা। নাটকটি রচনা প্রসঙ্গে নাট্যকার অপূর্ব কুমার কুন্ডু বলেন, ‘কালিদাসের প্রকাশিত রচনাসমগ্র যতটা এবং যেভাবে সহজে পাওয়া যায়, সেই অনুপাতে কালিদাসের জীবনী সেভাবে পাওয়া যায় না। তবে কালিদাস নাটকে দর্শক কালিদাসের যাপিত জীবন ও সাহিত্য জীবন উভয়ই প্রাণবন্তভাবে পাবে বলেই বিশ্বাস।’ কালিদাস নাটকের নির্দেশক জয়িতা মহলানবীশ বলেন, ‘আলো জ্বললে যেভাবে আঁঁধার পালায় তেমনি কালিদাসের জীবননির্ভর এই নাটকটি এক অর্থে জ্ঞানের আলো প্রজ্বলিত করবে বলেই আমার বিশ্বাস। তরুণ ও নবীন অভিনেতাদের অভিনীত সংলাপ প্রধান নাটকটি দর্শকদের শিল্প-পিপাসা নিবৃত্ত করবে বলেই প্রত্যাশা করি।’ কালিদাস নাটকে নাম ভূমিকায় অভিনয় করবেন মো. নজরুল ইসলাম, বিদ্যাবতীর চরিত্রে সেইন্টলী বিশ্বাস কথা। দেবী সরস্বতী চরিত্রে নাটকটির নির্দেশক জয়িতা মহলানবীশ এবং অন্যান্য চরিত্রে অভিনয় করবেন আদিব মজলিশ খান, রুদ্ররায় অপু, মো সাপলুর রহমান দিপু, শেখ আদিব নাহিয়ান এবং এম পারভেজ।

