ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনায় প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও স্পিকারের শোক
উত্তরদক্ষিণ অনলাইন । ১২ নভেম্বর ২০১৯ । আপডেট ১৪:৩৮
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনায় হতাহতের ঘটনায় আজ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় প্রধানমন্ত্রী নিহতদের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
তিনি এ মর্মান্তিক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ মানুষদের সহায়তায় স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের এগিয়ে আসতে এবং তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানান।
গত রাত ৩টার দিকে ব্রাক্ষ্মণবাড়িয়ার মন্দবাগে যাত্রীবাহী দুটি ট্রেনের মধ্যে মুখোমুখী সংঘর্ষে কমপক্ষে ১৫ জন নিহত ও আরো অনেকে আহত হয়েছেন।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনায় হতাহতের ঘটনায় আজ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এ মর্মান্তিক ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত ও আরো অনেকে আহত হয়েছেন।
গতরাত ৩ টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেল স্টেশনে এ ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে। সিলেট থেকে ছেড়ে আসা চট্রগ্রাম অভিমুখী উদয়ন এক্সপ্রেস এবং চট্রগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী তুর্ণা নিশিথার মধ্যে মুখোমুখী সংঘর্ষ হলে এসব লোক হতাহত হন।
এক শোক বার্তায় রাষ্ট্রপতি দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক ও দু:খ প্রকাশ করেন।
রাষ্ট্রপতি হামিদ নিহতদের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
রাষ্ট্রপতি এ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষকে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন।
স্পিকার শিরীন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ এলাকায় রেলদুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।
তিনি শোকসন্তোপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা, নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
এছাড়াও এ হতাহতের ঘটনায় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো: ফজলে রাব্বী মিয়া এবং চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

