টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রের ১১ শিশুর মুক্তি

টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রের ১১ শিশুর মুক্তি

উত্তরদক্ষিণ অনলাইন । ১২ নভেম্বর ২০১৯ । আপডেট ২১ঃ০৩

আদালতের নির্দেশে ছাড়া পেল ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত হয়ে টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রে থাকা ১১ শিশু, যাদের বয়স  ১২ বছরের নিচে। এছাড়া এই শিশু উন্নয়ন কেন্দ্রে থাকা বাকি ১২ থেকে ১৮ বছরের মধ্যে ১০৯ জন শিশুর বিষয়ে উচ্চ আদালত থেকে আদেশ আসা সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

সোমবার রাত ৯টার দিকে ১১ শিশুকে তাদের অভিভাবকদের কাছে বুঝিয়ে দিয়েছে টঙ্গীর শিশু উন্নয়ন কর্তৃপক্ষ। এর আগে একজন মুক্তি পেয়েছিল বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

কেন্দ্রের তত্ত্বাবধায়ক মোহাম্মদ এহিয়াতুজ্জামান বলেন, “হাই কোর্টের আদেশটি আমরা সোমবারই হাতে পেয়েছি। আদালতের নির্দেশনা অনুযায়ী ১২ বছরের নিচে থাকা ১১ শিশুকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি যাদের বয়স ১২ থেকে ১৮ বছরের মধ্যে তাদের সংশ্লিষ্ট শিশু আদালতের সন্তুষ্টি সাপেক্ষে ৬ মাসের জামিন দেওয়া হয়েছে৷”

এ বিষয়ে শিশু আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। শিশু আইন অনুযায়ী- অন্য কোনো আইনে যা কিছুই থাকুক না কেন, অপরাধে জড়িত শিশুর বিচার শুধু শিশু আদালতেই হবে।

কিন্তু তা না করে বিভিন্ন সময় শিশুদের দণ্ড দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে ১২১ শিশু ছিল টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে। বিষয়টি আদালতের নজরে এলে আদালত টঙ্গী ও যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে থাকা শিশুদের অবিলম্বে মুক্তির বিষয়ে কেন্দ্র দুটির তত্ত্বাবধায়ককে নির্দেশনা দেয় আদালত।

শিশুদের ছেড়ে দেওয়ায় আনন্দিত অভিভাবকেরা। মোহাম্মদপুর থেকে ছেলেকে নিতে এসে রেখা নামের এক মা বলেন, “আমার ছেলের কোনো দোষ ছিল না। তারপরেও তাকে ধরে নিয়ে আসছে। আর এত তাড়াতাড়ি ছাড়া পাবে ভাবতেই পারিনি।”

একই এলাকার মো. রাজ্জাক নামের আরেকজন অভিভাবক ছেলেকে কাছে পেয়ে কেঁদে ফেলেন। বলেন, “আমি এখন থেকে ছেলেকে চোখে চোখে রাখব। আবার সে লেখাপড়া করবে।”

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading