বাঙালি ফুটবলারের চরিত্রে দেব
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১৩ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:০৪
দ্বন্দ্ব ভুলে কলকাতার নামকরা প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের সঙ্গে আবারও হাত মিলিয়েছেন অভিনেতা ও তৃণমূল সাংসদ দীপক অধিকারী দেব। এসভিএফের পরবর্তী ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে তাকে। তবে ছবির নাম এখনও ঠিক করা হয়নি। নতুন এ ছবিতে দেবকে দেখা যাবে বাঙালি ফুটবলার নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর চরিত্রে। পরিচালক ধ্রুব বন্দোপাধ্যায়। বাঙালি মানেই ফুটবল প্রেম তার রক্তে। পরিচালক ধ্রুবও তার ব্যতিক্রম নন। সেখান থেকেই তিনি ছবির বিষয় হিসেবে বেছে নিয়েছেন নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর মতো যুগপুরুষকে। যাকে মানুষ প্রায় ভুলতেই বসেছে। তাকে মনে রাখার জন্যই ধ্রুবর এই প্রচেষ্টা। তবে এই ছবি একেবারেই বায়োপিক নয়। কিন্তু ফুটবলার নগেন্দ্র প্রসাদের চরিত্রে দেবকে ভাবার কারণ কী? উত্তর হচ্ছে, এই ফুটবলারের পুরনো ছবি ঘাঁটতে গিয়ে তার সঙ্গে দেবের চেহারার একটা অদ্ভুত মিল খুঁজে পান পরিচালক। দেবের শারীরিক গঠনের সঙ্গে ফুটবলারের চেহারারও অনেক মিল ছিল। সেখান থেকেই দেবকে নেয়ার সিদ্ধান্ত। ইন্ডিয়ান গণমাধ্যমকে ধ্রুব আরও বলেন, ‘এত বছর পর ফিরে এসেছি ইতিহাসের টানে। বাঙালির চেনা ইতিহাসের অচেনা জায়গা খুঁজে পেতে ভাল লাগে। নগেন্দ্র প্রাসদকে নিয়ে কাজ করার ইচ্ছেটাও বহুদিনের। অবশেষে এটা যে করতে পারছি সেটা পরম প্রাপ্তি।’ আপাতত জোর কদমে চলছে এ ছবির চিত্রনাট্য লেখার কাজ। ছবির গল্প লিখেছেন ইন্ডিয়ান সাংবাদিক দুলাল দে । নামও ঠিক হবে খুব শিগগির। শোনা যাচ্ছে, জানুয়ারির প্রথম সপ্তাহে শুরু হবে শুটিং। বাধ্য ছেলের মতো দেবও নিজেকে প্রস্তুত করা শুরু করেছেন। যে করেই হোক তাকে ফুটবলার নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী হয়ে উঠতে হবে। সর্বশেষ দেবকে দেখা গেছে ভেঙ্কটেশের ‘আমাজন অভিযান’ ছবিতে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস ও এই সময়।

