দুদকের মামলায় সম্রাটের ৬ দিনের রিমান্ড
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১৮ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৪৬
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ঢাকা দক্ষিণের সাবেক যুবলীগ সভাপতি ইসমাইল হোসেন চৌধুরীর সম্রাটের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল রবিবার (১৭ নভেম্বর) বিচারপতি কে এম ইমরুল কায়েসের আদালত এই রিমান্ড আদেশ দেন। তবে পুলিশ ৭ দিনের রিমাণ্ড চেয়ে আবেদন করলেও আদালত ৬ দিন দেন। দুর্নীতি বিরোধী অভিযানে ক্যাসিনো কাণ্ডে গ্রেফতার সাবেক যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরীর নামে মালয়েশিয়ায় ফ্ল্যাট ও ব্যাংক অ্যাকাউন্টের সুনির্দিষ্ট তথ্য পায় দুর্নীতি দমন কমিশন। পরে অনুসন্ধানে সম্রাটের মালয়েশিয়ার আমপাং তেয়ারাকুণ্ডতে ফ্ল্যাট থাকার সত্যতা পায় দুদক। মালয়েশিয়া সরকারের সেকেন্ড হোম প্রকল্পের আওতায় ফ্ল্যাট কেনেন সম্রাট। এছাড়া মালেয়শিয়ার বিভিন্ন ব্যাংকেও তার লেনদেনের তথ্য রয়েছে।
সেলিম প্রধান ৭ দিনের রিমান্ডে: অবৈধ সম্পদ অর্জনের মামলায় অনলাইন ক্যাসিনো ব্যবসায়ী সেলিম প্রধানকে সাত দিনের রিমান্ডে নিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক। গতকাল রবিবার (১৭ নভেম্বর) দুপুর ১২টায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য দুদকের সেগুনবাগিচা কার্যালয়ে আনা হয়। পরে দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বে একটি দল তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। গত ১৩ নভেম্বর দুদকের মামলায় তাকে ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ২৭ অক্টোবর সেলিম প্রধানের বিরুদ্ধে ১২ কোটি ২৭ লাখ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। মামলায় বলা হয় আয়কর নথিতে তার এই সম্পদের বৈধ কোনও উত্স নেই। এছাড়া, গত ৩০ সেপ্টেম্বর তাকে বিমানবন্দর থেকে আটকের সময় যেসব চেক পাওয়া গেছে, তাতে বিদেশে অর্থপাচারের অভিযোগও খতিয়ে দেখছে দুদক। পাশাপাশি বিদেশে যদি কোনও সম্পদ থেকে থাকে, পরবর্তীতে চার্জশিটে তা আনা হবে বলেও জানিয়েছে দুদক।

