শিল্পকলায় আরণ্যকের ময়ূর সিংহাসন
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১৮ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১৬
আরণ্যক নাট্যদলের দর্শকপ্রিয় প্রযোজনা ‘ময়ূর সিংহাসন’। ১৯৯৯ সালে প্রথম মঞ্চে আনা হয় নাটকটি। ২০০৯ সালে নাটকটির শততম মঞ্চায়ন অনুষ্ঠিত হয়। শততম মঞ্চায়নের পর অনেকটা অনিয়মিতভাবেই প্রদর্শিত হয়ে আসছে এটি। এবার প্রায় দুই বছর পর মঞ্চস্থ হতে যাচ্ছে ‘ময়ূর সিংহাসন’। আজ (১৮ নভেম্ববর) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল থিয়েটার হলে প্রদর্শিত হবে আরণ্যকের ৩২তম এই প্রযোজনা। মান্নান হীরা রচিত নাটকটির নির্দেশনায় রয়েছেন শাহ আলম দুলাল। ষাটের দশকে জাগরিত জনতার গণতন্ত্রের দাবী, ধর্ম নিরপেক্ষতার চেতনা আর এরই বিপরীতে তত্কালীন সামরিক শাসকের ছড়িয়ে দেয়া সাম্প্রদায়িকতার বিষবাষ্প- এই নাটকটির ভিত্তি। যার ভয়াবহ দায় আমাদের আজও বহন করতে হচ্ছে। নাটক প্রসঙ্গে নির্দেশক বলেন, আমাদের সমাজে একটি প্রচলিত ধারণা আছে, ক্ষমতার নিকটবর্তী মানুষেরাই দেশপ্রেমিক হয়ে থাকে। কিন্তু দল, ক্ষমতা এ সবের বাইরেও বিশাল জনগোষ্ঠীর মধ্যে কোথায় কীভাবে দেশপ্রেমের অগ্নিশিখা প্রজ্বলিত রয়েছে তা দেখার অভ্যাস আমাদের গড়ে উঠেনি বললেই চলে। অথচ কত নিভৃত পল্লীতে দেশপ্রেমকে বুকে বেঁধে কত বীর নীরবে শাসকের হাতে নিগৃহীত হয়েছে, আজও হচ্ছে, তার হিসাব আমরা ক’জন রাখি? এর বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন মামুনুর রশীদ, মান্নান হীরা, শাহ আলম দুলাল, মোমেনা চৌধুরী, তমালিকা কর্মকার, তাজিন আহমেদ, আমানুল হক হেলাল, পরিমল মজুমদার, আমিনুল হক, আমিন আজাদ, আরিফ হোসেন আপেল, কামরুল হাসান, সাজ্জাদ সাজু, অয়ন ঘোষ, ফিরোজ মামুন প্রমূখ।

