আসছে দ্য ন্যাকেড সোল
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১৮ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:২০
ছোটপর্দার আলোচিত ও সমালোচিত অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। অভিনয় করেছেন বড়পর্দাতেও। সম্প্রতি তিনি অভিনয় করলেন একটি স্বল্পদৈর্ঘ্য ছবিতে। যার নাম ‘দ্য ন্যাকেড সোল’। এটি রচনা ও পরিচালনা করেছেন শাব্দিক শাহীন। এর প্রধান তিনটি চরিত্রে কাজী নওশাবা ছাড়াও অভিনয় করেছেন সুজন হাবিব ও আতিক রহমান। ছবিটিতে একজন ট্রাক ড্রাইভারের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন নওশাবা। এতে দেখা যাবে, নওশাবার স্বামী বাবর। প্রতি রাতে সে মদ খেয়ে এসে স্ত্রীকে বেদম মারধর করে। স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে একপর্যায়ে আত্মহত্যা করেন নওশাবা। তার লাশ পুলিশ এসে নিয়ে যায়। মরদেহ রাখা হয় লাশকাটা ঘরে। লাশকাটা ঘরে কাটে রাতের পর রাত কাটে শম্ভুর। অর্থাত্ লাশের পোস্টমর্টেম করাই তার কাজ। এ নিয়ে তার কিংবা অন্যদের মধ্যে কোনো মাথাব্যথা নেই। এই শম্ভুর কাছেই আসে আত্মহত্যা করা নওশাবার লাশ। কিন্তু পোস্টমর্টেম না করে নওশাবার লাশ নিয়ে পালিয়ে যায় শম্ভু! গল্পে নেয় নতুন মোড়। নাটকটি প্রসঙ্গে পরিচালক শাব্দিক শাহীন বলেন, ‘মানুষের জীবনে অনেক ঘটনা থাকে। আমরা একটি ব্যতিক্রমী গল্প বেছে নিয়েছি। ১২ মিনিটের এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে এমন কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করেছি, যা দর্শকদের মনে দাগ কেটে যাবে। এটি ইউটিউবের জন্য নির্মিত হয়েছে। তার আগে কয়েকটি চলচ্চিত্র উত্সবে পাঠানোর প্রক্রিয়া চলছে।’

