শিল্পকলায় ঢাকা থিয়েটারের ‘ধাবমান’
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২২ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:০৪
আজ (২২ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় প্রদর্শিত হবে ঢাকা থিয়েটারের অন্যতম প্রযোজনা ‘ধাবমান’। এটি রচনা করেছেন সেলিম আল দীন। নির্দেশনায় রয়েছেন শিমূল ইউসুফ। বৃহত্তর ময়মনসিংহের বিরিশিরি দুর্গাপুরের বিস্তীর্ণ অঞ্চল এবং সোমেশ্বরী নদী এই নাট্যাখ্যানের মূল পটভূমি। বাঙালি (নগদি) এবং গারো এই দুই জাতির প্রান্তিক মানুষদের জীবন নিয়েই নাটকটি আবৃত। রাজনৈতিক ও সামাজিক নানা টানা-পোড়েন, দুই জাতির দ্বন্দ্ব ও সহাবস্থান, পারস্পরিক সহমর্মিতা ইত্যাদি বিষয় এ নাটকে উঠে এসেছে। নাটক হিসেবে নয়, ‘ধাবমান’ কথা-কাহিনি হিসেবে লিখেছিলেন সেলিম আল দীন। গল্পের ভেতরে প্রবেশ করা মাত্র দর্শক পরিচিত হন দুই প্রতিবেশীর সঙ্গে। একদিকে নহবত, তার স্ত্রী সুবতী ও তাদের একমাত্র বিকলাঙ্গ পুত্র এসহাক, অন্যদিকে হামেলা ও তার পুত্র সোহরাব যেন একান্নবর্তী একটি পরিবার তারা একে অপরের সুখে সুখী, দুঃখে দুখী। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন শিমূল ইউসুফ, শহীদুজ্জামান সেলিম, এশা ইউসুফ, নাসরিন নাহার, রোজী সিদ্দিকী, সামিউন জাহান দোলা, আসাদুজ্জামান, রফিকুল ইসলাম, সাজ্জাদ আহমেদ রাজিব, রনি হোসাইন, তারিকুল ইসলাম লিটন, মোস্তফা রতন, নার্গিস আক্তার, তাসলিমা চুমকি, জয়শী মজুমদার লতা, শাহজাদা সম্রাট, সউদ চৌধুরী, সৌজন্য অধিকারি, ওয়াহিদ আনসার হিল্লোল, রজব আলী প্রমুখ। নাটকটির মিউজিক, সেট ও প্রপস তৈরি করেছে শিমূল ইউসুফ, লাইট ডিজাইন: নাসিরুল হক খোকন, কস্টিউম ডিজাইন: শিমূল ইউসুফ ও নাসরিন নাহার, কোরিওগ্রাফি: শিমূল ইউসুফ ও এশা ইউসুফ।

