ছেড়ে যাইনি বিরতি নিয়েছি -অনু মালিক
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৪ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৫৬
গত বছর বলিউডে ‘মি টু’ আন্দোলন বেশ জোরাল আকার ধারণ করে। সেই ঝড়ের কবলে পড়েন ইন্ডিয়ান সুরকার, সংগীত পরিচালক ও গায়ক অনু মালিক। তার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তোলেন গায়িকা সোনা মহাপাত্র, শ্বেতা পন্ডিত। অভিযোগ ওঠার পর সেই সময় ‘ইন্ডিয়ান আইডল ১০’-এর বিচারকের দায়িত্ব থেকে বিরতি নিয়েছিলেন অনু মালিক। চলতি বছর ইন্ডিয়ান আইডল ১১-তে ফের বিচারকের আসনে ফেরেন। এরপর সোনা মহাপাত্র ও নেহা বাসিন এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সোচ্চার হন। শেষ পর্যন্ত বিচারকের দায়িত্ব থেকে সরে দাঁড়ান অনু মালিক। তবে ৫৯ বছর বয়সি এই গায়ক জানিয়েছেন, বিচারকের দায়িত্ব থেকে একবারে সরে যাননি তিনি। বরং, বিরতি নিয়েছেন। এ প্রসঙ্গে এক সাক্ষাত্কারে অনু মালিক বলেন, আমি শো ছেড়ে যাইনি। তিন সপ্তাহের বিরতি নিয়েছি। আমার বিরুদ্ধে অভিযোগ মিথ্যা প্রমাণ করে আবার ফিরব। তিনি আরও বলেন, সনি (চ্যানেল) খুবই সহযোগিতা করেছে। গত বছর আমার বিরুদ্ধে অভিযোগ ওঠার পর আমি শো ছেড়েছিলাম। তারা আবার আমাকে ফিরিয়ে এনেছে। আমি যদি নিরাপরাধ না হতাম তারা আমাকে ফেরাতেন না।

