একসঙ্গে সিয়াম-ফারিয়া
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৪ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৫৮
বর্তমান সময়ের পরিচিত দুই মুখ সিয়াম আহমেদ ও নুসরাত ফারিয়া। সম্প্রতি তারা জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন ‘অপারেশন সুন্দরবন’ সিনেমাতে। যেটির নির্মাণের দায়িত্ব দীপঙ্কর দীপনের কাঁধে। এরই মধ্যে আরও এক জায়গায় একসঙ্গে কাজ করতে যাচ্ছেন তারা। সম্প্রতি আমেরিকান সু ব্র্যান্ড ‘স্কেচার্স’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন সিয়াম আহমেদ ও নুসরাত ফারিয়া। আগামীতে এই দুজন এই সু ব্র্যান্ডটির হয়ে বিভিন্ন প্রচারণামূলক কাজে অংশ নেবেন, সেইসাথে অংশ নেবেন এর বিজ্ঞাপনেও। বিষয়টি নিশ্চিত করেছেন সিয়াম আহমেদ ও নুসরাত ফারিয়া দুজনেই। বাংলাদেশে চলতি মাসে এটি প্রথমবারের মত এই কোম্পানির শাখা উদ্বোধনী হতে যাচ্ছে। এরমধ্যে এই দুজনেই এটির প্রচারণামূলক অংশ হিসেবে একটি ওভিসিতে কাজ করেছেন। সম্প্রতি এটির শুট শেষ হয়েছে। এ প্রসঙ্গে সিয়াম আহমেদ বলেন, প্রথমবার এই আন্তর্জাতিক সু ব্র্যান্ড ‘স্কেচার্স’ বাংলাদেশে আসছে। এর সাথে জড়িত থাকতে পেরে খুব ভালো লাগছে। নুসরাত ফারিয়া বলেন, ‘স্কেচার্স’ হচ্ছে একটি আন্তর্জাতিক সু ব্র্যান্ড। গত মাসে আমি এবং সিয়াম দুজনে এর চুক্তিতে স্বাক্ষর করি। আশা করছি এই ব্র্যান্ডটি বাংলাদেশেও মানসম্মত প্রোডাক্ট সরবরাহ করবে। আগামী ২৯ নভেম্বর রাজধানীর গুলশানে ‘স্কেচার্স’র উদ্বোধনী অনুষ্ঠান হবে। সেখানে এই দুই তারকার পাশাপাশি আরও উপস্থিত থাকবেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকসহ আরও অনেকে।

