প্রামাণ্যচিত্র বুড়িগঙ্গা ৭১-এর প্রদর্শনী
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৫ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৫০
১৯৭১ সালের ২৫ নভেম্বর ঢাকার কেরানীগঞ্জের বিভিন্ন ইউনিয়নে পাকিস্তানি বাহিনী হত্যাযজ্ঞ চালায় এবং বাড়িঘর জ্বালিয়ে দেয়। উপজেলার তারানগর ইউনিয়নের ঘাটারচরের ৫৭ জন ও ভাওয়ালের ২৯ জনকে হত্যা করে হানাদার বাহিনী। সেই সময় ঘাটারচরে ৩৪ জনকে গণ কবর দেওয়া হয়। ভাওয়াল, ঘাটারচর, খানবাড়ি, কাঁঠালতুলি ও গুইটার বাড়িঘর জ্বালিয়ে দেয় তারা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল ভাওয়াল গ্রাম। সেই থেকে ঐ এলাকার বাসিন্দারা ২৫ নভেম্বর ‘তারানগর গণহত্যা দিবস’ হিসেবে পালন করে আসছে। সেই ঘটনাকে নিয়ে নির্মিত হয়েছে প্রামাণ্যচিত্র ‘বুড়িগঙ্গা ৭১’। মুক্তিযুদ্ধ যাদুঘরের পৃষ্ঠপোষকতায় এটি তৈরি করেছেন চলচ্চিত্রকার এনায়েত করিম বাবুল। এবার নির্মাতা ছবিটি প্রদর্শনের আয়োজন করেছেন। আর এজন্য গণহত্যার দিন ও স্থানকে বেছে নেওয়া হয়েছে। আজ (২৫ নভেম্বর) বেলা ৩ টায় ‘তারানগর গণহত্যা দিবস’ উপলক্ষে কেরানীগঞ্জের তারানগর ইউনিয়নের ভাওয়াল মনহরিয়া স্কুল মাঠে দেখানো হবে প্রামাণ্যচিত্রটি। বিষয়টি নিশ্চিত করেছেন প্রামাণ্যচিত্রটির নির্মাতা এনায়েত করিম বাবুল। তিনি জানান, অনুষ্ঠানের প্রথম পর্বে স্মরণসভায় অতিথিদের সঙ্গে আলোচনায় অংশ নেবেন গণহত্যায় নিহত পরিবারের স্বজনেরা। উপস্থিত থাকবেন ইউনিয়নের বাসিন্দা ও স্কুলের শিক্ষার্থীরা। দ্বিতীয় পর্বে প্রামাণ্যচিত্র ‘বুড়িগঙ্গা ৭১’ এর উদ্বোধনী হবে।

